বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের একটি অংশ সরকারকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি আদালতে সংশ্লিষ্ট অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করার আবেদনের সংক্ষিপ্ত শুনানি আগামী ২ মে সকালে শুরু হবে। সাইবার হ্যাকারদের একটি চক্র গত ফেব্রুয়ারিতে ওই অর্থ চুরি করে।
আদালতে ওই শুনানির মধ্য দিয়েই চোরাই অর্থ ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ওই প্রক্রিয়াসহ আরও বেশ কিছু আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হবে। ফিলিপাইনের সিনেটের প্রধান প্রো রাল্ফ রেক্তো আশা প্রকাশ করেন, দেশটিতে নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার আগেই বাংলাদেশকে ওই চোরাই অর্থের একটি অংশ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। ধাপে ধাপে ওই অর্থ দেওয়া হলে প্রথম কিস্তিতে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া উচিত।
ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আগামী ৩০ জুন ক্ষমতা ছাড়বেন। এর আগেই বাংলাদেশের প্রাপ্য অর্থ ফিরিয়ে না দিতে পারলে ব্যাপারটা শোভন হবে না বলে মনে করেন রেক্তো। বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে তৎপর হতে হবে এবং চলমান মামলায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে বাজেয়াপ্ত ওই চোরাই অর্থের মালিকানা দাবি করতে হবে। নইলে তা ফিলিপাইনের সরকারি সম্পত্তি হিসেবে ঘোষিত হবে। দেশটির অর্থ বিশেষজ্ঞরা বলছেন, ওয়ং যেহেতু স্বেচ্ছায় ওই অর্থ ফিরিয়ে দিচ্ছেন এবং ফিলিপাইনে সেটার কোনো দাবিদার না থাকায় তা বাংলাদেশে ফেরত পাঠাতে সমস্যা হওয়ার কথা নয়।
ম্যানিলা রিজিওনাল ট্রায়াল কোর্টের (আরটিসি) নির্বাহী বিচারক রেনালদো আলহামব্রা ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার একটি সাময়িক আদেশে ওই চোরাই অর্থ সুরক্ষিত রাখতে বলেন। এ আদেশের আওতায় পড়েছে ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ংয়ের প্রতিষ্ঠান ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেড, ব্যবসায়ী উইলিয়াম গোর মালিকানাধীন সেঞ্চুরিটেক্স ট্রেডিং, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ও ফিলিপাইন ন্যাশনাল ব্যাংক (পিএনবি)। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২০ দিন সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ রাখতে হবে। ক্যাসিনো ব্যবসায়ী গাও শুহুয়ার পরিত্যক্ত ৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার পেসোর (ফিলিপাইনের মুদ্রা) একটি তহবিল এবং এএমএলসিকে ওয়ংয়ের ফিরিয়ে দেওয়া অর্থও আদালতের ওই আদেশে সুরক্ষিত থাকবে। তিনি আরও ২৫ কোটি পেসো ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অবশ্য ওয়ংয়ের ফিরিয়ে দেওয়া অর্থসহ স্থগিত করা অন্যান্য সম্পত্তির মোট পরিমাণ মাত্র ১ কোটি ডলারের কাছাকাছি, যা চুরি যাওয়া মোট অর্থের (৮ কোটি ১০ লাখ ডলার) তুলনায় অনেক কম।
‘তিনটি চক্র জড়িত’: ফিলিপাইনের সিনেটর তৃতীয় সার্জিও ওসমেনা গত মঙ্গলবার বলেছেন, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় তিনটি দল জড়িত। তারা ফিলিপাইনের একটি ব্যাংকের মাধ্যমে ওই চোরাই অর্থ একাধিক ক্যাসিনোতে স্থানান্তর করেছে। প্রথম দলটি ওই অর্থের ব্যাপারে অভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করে। দ্বিতীয় দলটি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে অর্থ উত্তোলনের নির্দেশনা পাঠায়। তৃতীয় দলটি ফিলিপাইনে সক্রিয় ছিল। আর চুরির সম্পূর্ণ ঘটনায় তাদের ভূমিকা সীমিত। কেউ একজন কোড এবং তথ্য চুরি করেছেন, পরে তা একটি চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। আর তারাই হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ চুরির প্রক্রিয়া সম্পন্ন করেছে।
ঘটনাটির তদন্তকারী সিনেট কমিটির চেয়ারম্যান তৃতীয় তেওফিস্তো গিনোঙ্গা বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজকে বলেন, হ্যাকাররা ওই অর্থ চুরির জন্য যে ইন্টারনেট প্রটোকল অ্যাড্রেস ব্যবহার করেছে, তা মিসরের রাজধানী কায়রোর ছিল বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এএমএলসির মহাপরিচালক জুলিয়া বাকে-আবাদ বলেছেন, ওই চোরাই অর্থের পুরোটা বাজেয়াপ্ত করার আবেদন জানিয়ে তাঁর প্রতিষ্ঠান আরও কয়েকটি মামলা করবে। আর এ প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশকে অর্থ ফিরিয়ে দিতে মাস-তিনেক সময় লাগবে।
ব্যবসায়ী ওয়ং এবং ওয়েইকাং শু, আরসিবিসির জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস-দেগুইতো এবং জন ডয়েস, মাইকেল ফ্রান্সিস ক্রুজ, জেসি ক্রিস্টোফার লাগ্রোসাস, আলফ্রেড সান্তোস ভারগারা ও এনরিকো তেওদোরো ভাসকেজের বিরুদ্ধে অ্যান্টি-মানি লন্ডারিং আইনে ফৌজদারি মামলা করেছে এএমএলসি।
আরসিবিসির কোষাধ্যক্ষের পদত্যাগ: বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় তদন্ত চলাকালেই গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) কোষাধ্যক্ষ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাউল ভিক্তর তান। তবে পদত্যাগের কোনো সুনির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি। ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া পদত্যাগপত্র গত বুধবার থেকে কার্যকর হয়েছে। চোরাই ওই অর্থ লেনদেনে আরসিবিসির জুপিটার শাখার একাধিক ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে। ওই শাখার ব্যবস্থাপক দেগুইতো ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। আরসিবিসির আইনি ও নিয়ন্ত্রণবিষয়ক প্রধান মারিয়া সেসিলিয়া ফার্নান্দেজ-এস্তাভিলো গতকাল এক বিবৃতিতে বলেন, ৮ কোটি ১০ লাখ ডলার চুরি কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতেই রাউল তানকে সরে যেতে হয়েছে। তিনি ওই ঘটনায় জড়িত না হলেও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পদত্যাগ করেছেন।