চোরাই কাঠ দিয়ে তৈরি হচ্ছে ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় বাঁকখালী নদীতে চোরাই কাঠ দিয়ে তৈরি হচ্ছে একটি মাছ ধরার ট্রলার। ট্রলার তৈরির কাজে নিয়োজিত শ্রমিকেরা এ কথা জানিয়েছেন।
গতকাল সোমবার সকালে বাঁকখালী নদীর নুনিয়ারছড়া গিয়ে দেখা যায়, উপকূলীয় প্যারাবনের পাশে তৈরি হচ্ছে একটি মাছ ধরার ট্রলার।
শ্রমিকেরা জানান, ট্রলারটি তৈরি করছেন শহরের টেকপাড়ার মাছ ব্যবসায়ী মো. জয়নাল। প্রকাশ্যে চোরাই গর্জন কাঠ দিয়ে ট্রলারটি তৈরি হলেও বনকর্মীরা কোনো বাধা দিচ্ছেন না। গত ১৫ দিনে ট্রলারটি তৈরির ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি কাজ শেষ করে ট্রলারটি সাগরে নামানো হবে। ট্রলারটির বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।
শ্রমিকেরা জানান, ট্রলারটি তৈরির জন্য গর্জন কাঠ আনা হয়েছে চকরিয়ার ন্যাশনাল পার্কসহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল থেকে। কিছু ভূমিদস্যু শতবর্ষী গর্জন গাছ কেটে ট্রলার তৈরির জন্য বিক্রি করছে। তাঁরা বলেন, চোরাই গর্জন কাঠ দিয়ে মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়াসহ বিভিন্ন উপকূলে একাধিক পণ্যবাহী ও মাছ ধরার ট্রলার তৈরি হচ্ছে।
ট্রলার মালিক মো. জয়নাল বলেন, কক্সবাজার সদরের পিএমখালী, বান্দরবানের আলীকদম ও লামা থেকে কাঠ সংগ্রহ করে তিনি ট্রলারটি তৈরি করছেন। এ জন্য বন বিভাগের মৌখিক অনুমতি নেওয়া হয়েছে।
কক্সবাজার সদর বনবিট কর্মকর্তা তহিদুর রহমান বলেন, বনকর্মীরা তাঁকে জানিয়েছেন, বাঁকখালী নদীর তীরে একটি পুরোনো ট্রলার সংস্কার করা হচ্ছে। কিন্তু তিনি সেটি দেখেননি। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।
সদর বন রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দে বলেন, নুনিয়ারছড়া এলাকায় বাঁকখালী নদীতে ট্রলার তৈরির জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। কেউ আবেদনও করেনি।