চোরাই কাঠসহ আটক ব্যক্তিকে ছাড়লেন কর্মকর্তা
দিনাজপুরের বিরামপুরে চোরাই কাঠসহ এক ব্যক্তিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিরামপুরের চরকাই রেঞ্জের বিট কর্মকর্তা রবিউল ইসলামসহ কয়েকজন কর্মচারী তাঁকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পৌরসভার এক জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিরা জানান, সোহরাব হোসেন (৩৭) নামের এক ব্যক্তি বন বিভাগের ২০-২৫টি আকাশমণিগাছ চুরি করে বিরামপুর বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার দুপুরে রবিউল ইসলামসহ বন বিভাগের কয়েকজন কর্মচারী তাঁকে আটক করেন। পরে সোহরাবকে চরকাই রেঞ্জ কার্যালয়ে আটকে রেখে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার জন্য দেনদরবার হয়। অবশেষে গতকাল বুধবার দুপুরে ৩০ হাজার টাকার বিনিময়ে বন বিভাগের লোকজন সোহরাবকে ছেড়ে দেন।
যোগাযোগ করা হলে রবিউল ইসলাম সামান্য জ্বালানি কাঠসহ সোহরাবকে আটকের কথা স্বীকার করেন। টাকার বিনিময়ে সোহরাবকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে রবিউল ফোনে কথা বলতে অপারগতা জানিয়ে এ প্রতিবেদকের সঙ্গে একান্তে সাক্ষাৎ করতে চান।