চোরাই গরু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় চোরাই গরুসহ পিরু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। গত রোববার দিবাগত রাতে ক্রিকেট খেলা দেখে বাড়ি ফেরার পথে উপজেলার গোপালপুর ইউনিয়নের বাকাইল গ্রামের কয়েকজন তরুণ দুটি গাভিসহ পিরু মিয়াকে আটক করেন। এ সময় পিরুর এক সহকর্মী শহীদুল (৪৫) পালিয়ে যান। পিরু মিয়ার বাড়ি উপজেলার টগরবন্ধ ইউনিয়নের চর ডাঙ্গা মধ্যপাড়া গ্রামে। পলাতক শহীদুলের বাড়ি একই ইউনিয়নের চাপুলিয়া গুচ্ছগ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার এসআই সাহেব আলী বলেন, এ ব্যাপারে চুরি হওয়া গরুর মালিক উপজেলার বুড়াইচ ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের সৈয়দ মোহাম্মদ হোসেন বাদী হয়ে পিরু মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল সোমবার সকালে থানায় একটি মামলা করেছেন।