চোরাই গরু উদ্ধার করতে গিয়ে আহত ৮
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈবকনন্দপুর গ্রাম থেকে চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে গত শনিবার ধারালো অস্ত্রের আঘাতে আটজন আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী চোরদের বাড়ি সন্দেহে ১০টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের জাফর শেখ ও মুসা শেখের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। পরে তাঁরা লোক মারফত জানতে পারেন, পাশের শেখর ইউনিয়নের নন্দপুর গ্রামের আলমগীরের বাড়িতে ওই গরুগুলো আছে। শনিবার সকালে জাফর শেখের ভাগনে ১২ জন লোক নিয়ে আলমগীরের বাড়িতে যান। তখন আলমগীর ও তাঁর পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এতে আটজন আহত হন।
আহত সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের আনোয়ার (৪৫), নটখোলার ইলিয়াস শেখ (২৫), বলিভদ্র গ্রামের রকিবুলকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে পাশের নটখোলা, পরমেশ্বরদী ও ময়েনদিয়া গ্রামের দেড় থেকে দুই হাজার উত্তেজিত মানুষ দুপুরে দৈবকনন্দপুর গ্রামে চড়াও হয়ে চোরদের বাড়ি সন্দেহে ১০টি বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের ১০টি গুলি ছোড়ে।