চোরাই গরু ফেরত, অতঃপর গ্রেপ্তার
বগুড়ার ধুনটে ২৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে চোরাই তিনটি গরু ফেরত দেওয়ার পর দাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নান্দিয়ারপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে মাহবুবর রহমান (৩০)।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, চোরাই গরু তিনটি উদ্ধার করে মালিক মজিবর রহমানের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় মজিবরের ভাই আবু সাইদ বাদী হয়ে নিমগাছি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে মাহবুবর রহমানকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
তবে মাহবুবর হোসেন দাবি করেন, ‘আমি মানুষের উপকার করতে গিয়ে বিপদে পড়েছি। আমার সঙ্গে চালাকি করে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলার কালেরপাড়া গ্রামের কৃষক মজিবর রহমানের গোয়ালঘর থেকে সাদা ও লাল রঙের তিনটি গরু চুরি হয়। শনিবার সকালে মজিবর রহমান তাঁর আত্মীয়দের নিয়ে গরুগুলো খুঁজতে থাকেন। একপর্যায়ে গরুগুলো নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে আছে বলে লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন। কিন্তু গরু ফিরিয়ে দিতে ৩০ হাজার টাকা দাবি করা হয়। পরে শনিবার রাতে মজিবর রহমান পুলিশের সহায়তায় নান্দিয়ারপাড়া গ্রামের মাহবুবর রহমানের মাধ্যমে ২৫ হাজার টাকা দিয়ে গরু তিনটি উদ্ধার করেন।