চোরাই গরু রাখার অভিযোগে বিধবার বাড়ি ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া গ্রামে রাবেয়া বেওয়া (৪৫) নামের এক বিধবার বাড়ি ভাঙচুর ও আসবাব পুড়িয়ে দিয়েছেন গ্রামবাসী। ওই বাড়িতে চোরাই গরু পাওয়া গেছে বলে অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসী গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটান। এর আগে ওই বাড়ি থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রামের সুজাউর রহমান বলেন, সম্প্রতি পাশের দুই গ্রাম থেকে দুটি গরু চুরি হয়। ওই বাড়িতে দুটি গরু দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সন্দেহের বশবর্তী হয়ে ওই দুই গ্রামের লোকজন বাড়িটি ঘেরাও করেন। এ সময় আহসানুল হক (৩৫) নামের এক ব্যক্তি ওই বাড়িতে ছিলেন। খবর পেয়ে থানার পুলিশ এসে দুটি গরুসহ আহসানুলকে থানায় নিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর ওই বাড়িতে ভাঙচুর ও আসবাবে আগুন দেওয়া হয়।
গ্রামের চান সরকার বলেন, রাবেয়া বেওয়া একজন নারী শ্রমিক। দিনমজুরি করে তিনি সংসার চালান।
গ্রামের বাসিন্দা রাবেয়া বেওয়ার ছোট বোন ঝলমলি খাতুন বলেন, তাঁর বড় বোন নিঃসন্তান। স্বামীও মারা গেছেন। বাড়িতে তিনি একাই থাকেন। আহসানুল তাঁদের পরিচিত। তিনি শুনেছেন, আহসানুল গরু কেনাবেচার ব্যবসা করেন। মাঝেমধ্যে দুই-একটি গরু এনে তাঁর বড় বোনকে পালতে দেন।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা বলেন, গত ২৮ সেপ্টেম্বর রাতে উপজেলার ভান্ডারকাফুরা গ্রামের হজরত আলী ও ধড়মোকাম গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে দুটি গাভি চুরি হয়। গতকাল রাবেয়ার বাড়িতে পাওয়া গরু দুটি সেই চুরি যাওয়া গরু বলে হজরত ও জহুরুল শনাক্ত করেন। এ ঘটনায় রোববার রাতে হজরত আলী বাদী হয়ে আহসানুল, রাবেয়াসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় আহসানুল হক দাবি করেন, তিনি প্রায় দেড় মাস আগে জেলার সারিয়াকান্দির ইলিয়াস আলী নামের একজনের কাছ থেকে গরু দুটি কিনেছেন। সেই গরু দুটি পালতে দিয়েছিলেন রাবেয়া বেওয়াকে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, রাবেয়া বেওয়ার বাড়ি ভাঙচুরসহ আগুন দেওয়ার ঘটনায় কেউ অভিযোগ করেনি।