চোরাই তেলের গাড়ি অচল আলামত লুকাতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইপ থেকে তেল চুরি করে পালানোর সময় গতকাল সোমবার সকালে অচল হয়ে পড়ে একটি ট্যাংকলরি। এরপর ধরা পড়ার আশঙ্কায় আলামত লুকাতে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় চোরাচালানি চক্র। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গতকাল সোমবার এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্র থেকে আশুগঞ্জ পর্যন্ত যুক্ত জাতীয় গ্রিড লাইনে হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী নোয়াগাঁও এলাকায় পাইপ ছিদ্র করে দীর্ঘদিন ধরে তেল চুরি করছে একটি চক্র। গত রোববার মধ্যরাতে সংঘবদ্ধ চক্রটি একটি লরিতে (ময়মনসিংহ: চ-৪১-১০০০৮) তেল বোঝাই করে। মহাসড়কে ওঠার সময় সাতবর্গ নামক স্থানে ওই লরিটি যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিদ্র করা পাইপলাইনটি দেখতে যায়। এ সময় তেলবাহী লরিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে ওই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে বিজয়নগর উপজেলার ইসলামপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকা পড়া দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।
হবিগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মনিরুজ্জামান বলেন, দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। এই অপরিশোধিত তেলবোঝাই লরিটি বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) রামপুর থেকে আন্দিউড়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইজার আল আমিন প্রথম আলোকে, তিনি সকালে নিরাপত্তাকর্মীর কাছ থেকে খবর পেয়ে জিটিসিএল ও পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। পরে তাঁরা ছিদ্র করা পাইপলাইন দেখতে গেলে সেই ফাঁকে কে বা কারা লরিটিতে আগুন ধরিয়ে দেয়।
উত্তর-দক্ষিণ অপরিশোধিত তেল লাইনের প্রধান নিরাপত্তা সমন্বয়কারী ইকবাল হোসেন বলেন, চোরাই তেল নিয়ে পালানোর সময় লরিটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জিটিসিএল কর্তৃপক্ষ এ ব্যাপারে অভিযোগ দিয়েছে। চক্রটিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।