চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গত শনিবার রাতে আটক করেছে বান্দরবান পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ বলেন, কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান আবুল হোসেন (২২) ও তাঁর সহযোগী ছোটন দাশকে (২০) আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলি ও গোলদীঘির পাড় থেকে আরও দুজনকে আটক করা হয়েছে। বান্দরবানের মেঘলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল গোলদীঘি থেকে গ্রেপ্তার করা রাসেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, চোরাই মোটরসাইকেলের মালিক কবীর আহমদ। গত ৮ অক্টোবর মেঘলা এলাকা থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি হয়।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় বলেন, মোটরসাইকেল চোর চক্রের অন্য সদস্যদেরও আটকের চেষ্টা চলছে।