চোরাই মোটরসাইকেল কিনে বিপাকে পুলিশ কর্মকর্তা
চোরাই মোটরসাইকেল কিনে বিপাকে পড়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাবেদ আলী। গতকাল রোববার ওই মোটরসাইকেল চালিয়ে নীলফামারী শহরের ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের মালিক তাঁকে আটক করে সদর থানার পুলিশে সোপর্দ করেন। জাবেদ আলীর বাড়ি পঞ্চগড় সদরের পানিমাছপুকুরী মাহানপাড়া গ্রামে।
নীলফামারী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নীলফামারী শাখার কর্মকর্তা তরিকুল ইসলামের শহরের কলেজপাড়ার বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গত শনিবার থানায় অভিযোগ করেন তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তি (জাবেদ) তাঁর চুরি যাওয়া দুটি মোটরসাইকেলের একটি চালিয়ে গতকাল দুপুরে শহরের মূল সড়ক অতিক্রম করছিলেন। এ সময় এলাকার লোকজন মোটরসাইকেলটি চিনতে পেরে তাঁকে (জাবেদ) আটক করে আমাকে খবর দেন। আমি মোটরসাইকেলটি শনাক্ত করে ওই ব্যক্তিকে থানায় দিই।’
জাবেদ আলী বলেন, ‘আমার এক আত্মীয় মোটরসাইকেলটি বিক্রির কথা বললে সেটি কেনার উদ্দেশ্যে আমি তাঁকে কিছু টাকা দিয়েছি। ওই আত্মীয় বলেছেন, মোটরসাইকেলের কাগজপত্র বুঝিয়ে দিয়ে তিনি বাকি টাকা নেবেন। গতকাল দুপুরে আমি ওই মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি থেকে নীলফামারী শহরের ওপর দিয়ে আমার কর্মস্থল গোবিন্দগঞ্জ থানায় যাচ্ছিলাম। এ সময় নীলফামারী শহরের স্টাফ কোয়ার্টারের সামনে লোকজন আমাকে থামতে বলেন। আমি থেমে তাঁদের কথায় বুঝতে পারি এটি চোরাই মোটরসাইকেল।’
জাবেদ আলী আরও বলেন, ‘আমি পিপিএম পদকপ্রাপ্ত। এটি চোরাই মোটরসাইকেল জানলে আমি কখনোই নিতাম না।’
এ ব্যাপারে জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, জাবেদ আলীকে নিয়ে চুরি যাওয়া অপর মোটরসাইকেলটি উদ্ধার ও চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।