চোরাইপথে আনা মার্সিডিজ বেঞ্জ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরাইপথে আনা মার্সিডিজ বেঞ্জ মডেলের একটি গাড়ি ধানমন্ডি এলাকার একটি বাড়ি থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। র্যাবের সহায়তায় গত শুক্রবার মধ্যরাতে ধানমন্ডির ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়। এ ছাড়া অধিদপ্তরের কর্মকর্তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোনাসহ কুয়েত এয়ারওয়েজের এক কেবিন ক্রুকে আটক করেন।
মিথ্যা তথ্য দিয়ে আমদানি করা মার্সিডিজ বেঞ্জ গাড়ি আটকের তথ্য নিশ্চিত করেন শুল্ক ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান। গতকাল শনিবার প্রথম আলোকে তিনি জানান, অবৈধভাবে আমদানির পর ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০০৯ সালে বিআরটিএ থেকে গাড়িটির রেজিস্ট্রেশনও করা হয়েছিল। সেডান মার্সিডিজ বেঞ্জটি ভুয়া বিল অব অ্যান্ট্রি দেখিয়ে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়, যার নম্বর ছিল ঢাকা-মেট্রো গ-১৪-৯৭৩৮। লায়েত হোসেন নামের এক ব্যবসায়ীর বাসা থেকে গাড়িটি জব্দ করা হয়। এরপর গাড়িটি মগবাজারে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে আনা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দাবি, গাড়িটির দাম সাত কোটি টাকা। বৈধভাবে আমদানি করলে এর জন্য তিন কোটি টাকা শুল্ক দিতে হতো। আমদানিকারক বেলায়েত হোসেন বর্তমানে বিদেশে আছেন। তিনি আমদানি ব্যবসার সঙ্গে যুক্ত। মুন স্টার লিমিটেড নামে তাঁর প্রসাধনী ও বৈদ্যুতিক যন্ত্রপাতি আমদানির প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ২৪ মার্চ কাস্টমস কর্তৃপক্ষ একটি মামলা করেছে।
মইনুল খান বলেন, গাড়িটি রেজিস্ট্রেশন করার পর প্রতিবছর নবায়নও করা হতো। যে আমদানি বিল দেখানো হয়েছিল, সেই বিলটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড চট্টগ্রামের। সেই বিলকে গাড়ির বিল অব অ্যান্ট্রি দেখিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল।
এদিকে অন্য এক অভিযানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ কুয়েত এয়ারওয়েজের এক কেবিন ক্রুকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক হওয়া কুয়েত এয়ারওয়েজের কেবিন ক্রুর নাম আসলাম ওমর বেলিম (৪৫)। তাঁর কাছ থেকে ৫৪৮ গ্রাম সোনার বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর দাম প্রায় ২৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, কুয়েত থেকে আসা ফ্লাইট কেইউ ২৮৩ গতকাল ভোর সাড়ে পাঁচটায় ঢাকায় অবতরণ করে। বিমানটির ক্রু বেলিম তাঁর শরীরে সোনাগুলো লুকিয়ে এনেছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।