চোরাচালানির গুলিতে যুবক আহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী চেঁচড়া গ্রামে চোরাচালানির গুলিতে সুমন নামের এক যুবক আহত হয়েছেন। তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী চেঁচড়া গ্রামের চোরাচালানি মিলন রহমান মালামাল আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চান। এতে বিজিবি বাধা দেয়।
এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীমান্তের ২৮৩ মেইন পিলারের সাব পিলার ২২ এর সামনে এসে বিজিবিকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় সুমনের বাঁ পায়ে গুলি লাগে। পরে তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
সুমন বলেন, ক্ষুব্ধ হয়ে মিলন বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি আমার পায়ে লাগে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বলেন, বিজিবি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে বিজিবির কয়া ক্যাম্পের হাবিলদার ইব্রাহিম হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন। মিলন পুলিশের তালিকাভুক্ত চোরাচালানি।