চোরাচালানের মূল হোতা শনাক্ত হয়নি, যোগসাজশ ছিল ওসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় আটক সোনা চোরাচালানের মূল হোতা কথিত জাহিদুল ইসলাম ওরফে অনিককে নয় মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি তাঁর প্রকৃত নাম-পরিচয়ও জানতে পারেনি। এদিকে ওই সোনা আত্মসাতের সঙ্গে রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালার যোগসাজশ রয়েছে, এমন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা।
চলতি বছরের ১৩ মার্চ রামপুরা থানার বনশ্রীতে গাড়িসহ সোনা আটকের ঘটনায় পুলিশ দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। আর আটক সোনা থেকে ১৬৫টি বার আত্মসাতের ঘটনায় পুলিশের তিন সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে
দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রামপুরা থানার পুলিশ ১৩ মার্চ ধাওয়া করে বনশ্রী বালুর মাঠের কাছে একটি গাড়ি আটক করে। জাহেদ হোসেন ওরফে মাহিন ও গাড়িচালক সমীর কুমার বিশ্বাস নামের দুজন ১৬ মার্চ ওই গাড়ি ছাড়াতে থানায় গেলে কথাবার্তায় সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। তাঁদের দেখানো মতে, গাড়ি থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়। তবে আদালতে দেওয়া জবানবন্দিতে তাঁরা গাড়িতে ২৩৫টি বার থাকার কথা বললে সোনা আত্মসাতের বিষয়টি ফাঁস হয়। সোনা আত্মসাতের ঘটনায় পুলিশের তিন সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে খোয়া যাওয়া ১৬৫টি সোনার বারের মধ্যে ১৪৯টি উদ্ধার করা হয়। এই আত্মসাতের ঘটনায় ওই পাঁচজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করে দুদক। বাকি ১৬টি সোনার বার এখনো উদ্ধার হয়নি। ওই ঘটনার পর কৃপা সিন্ধুকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সোনা চোরাচালানের মামলায় গ্রেপ্তার জাহেদ, সমীরসহ তিনজনের সম্পৃক্ততা মিলেছে। জাহেদ ও সমীর কারাগারে আছেন। জাহিদুল ইসলাম ওরফে অনিক নামের তৃতীয় ব্যক্তিই এই চোরাচালানের মূল হোতা। তবে এটি তাঁর আসল নাম নয়। তাঁকে এখনো চিহ্নিতও করা যায়নি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, জাহেদ ও সমীর এই সোনা চোরাচালানের মূল হোতা জাহিদুল ইসলাম ওরফে অনিক বলে জানিয়েছেন। তবে তদন্তে জানা গেছে এটি ছদ্মনাম। ওই দুজন তাঁর ঠিকানাও জানাননি। তাঁরা দুজনও নিজেদের ঠিকানা গোপন করেছেন। প্রকৃত তথ্য জানতে ওই দুজনকে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হয়েছিল, তা মঞ্জুর হয়নি। আদালতের আদেশে পরে তাঁদের কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে প্রকৃত তথ্য আর পাওয়া যায়নি। প্রকৃত তথ্য পাওয়া না গেলে হয়তো সোনা চোরাচালানিসহ নেপথ্যের ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। শেষ পর্যায়ে হয়তো এমন অবস্থায় মামলার অভিযোগপত্র দিতে ডিবি বাধ্য হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহেদ ও সমীর জবানবন্দিতে ওই গাড়ি ছাড়িয়ে আনতে পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমানের সঙ্গে বৈঠক করার কথা বলেছেন। এতে তাঁর বিরুদ্ধে চোরাচালানিদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ ওঠে। গাড়িটি ছেড়ে দিতে চাপ ও হুমকি দেওয়ার অভিযোগে শিবলী নোমানের বিরুদ্ধে ১৭ মার্চ রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা। ওই জিডির বিষয়ে এখনো তদন্ত হয়নি।
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, শিবলী নোমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোনা চোরাচালানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি। হয়তো পরিচিতজনের তদবির রক্ষা করতেই তিনি রামপুরা থানার ওসিকে ফোন করে গাড়িটি ছেড়ে দিতে বলেছিলেন।
সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া রামপুরা থানার তিন পুলিশ সদস্য উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম, কনস্টেবল আকাশ চৌধুরী ও ওয়াহেদুল ইসলাম এবং পুলিশের সোর্স মাহফুজুল হক ও পুলিশের মাইক্রোবাসের চালক সজীব কারাগারে রয়েছেন। এ মামলা তদন্ত করছিলেন দুদকের উপপরিচালক যতন কুমার রায়। সম্প্রতি তিনি অবসর-উত্তর ছুটিতে গেছেন। মামলাটির তদন্তভার এখনো অন্য কাউকে দেওয়া হয়নি।
দুদকের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬৫টি সোনার বার আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আত্মসাতের সঙ্গে তখন ছুটিতে থাকা ওসি কৃপা সিন্ধুর যোগসাজশ থাকার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রয়োজনে তাঁকে আইনের আওতায় আনা হবে।
জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, সোনা আত্মসাতের সঙ্গে রামপুরা থানার সাবেক ওসি কৃপা সিন্ধুর সম্পৃক্ততা পাওয়া গেছে।
সাবেক ওসির করা জিডির বিষয়ে দুদকের তদন্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।