চোরের হাতুড়ির আঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর নানাবাড়ি বেড়াতে গিয়েছিলেন শামসুদ্দোহা (১৮)। কিন্তু তাঁর আর বাড়িতে ফেরত যাওয়া হলো না। সেখানে মঙ্গলবার রাতে চোরের হাতুড়ির আঘাতে মৃত্যু হয়েছে এই যুবকের।
একই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁরা হলেন শামসুদ্দোহার নানি খাদিজা বেগম (৭০) ও তাঁদের গৃহকর্মী রানি (৪৫)। শামসুদ্দোহার বাড়ি জেলার বটিয়াঘাটা উপজেলায়।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা সদর থানার রূপসা স্ট্রান্ড রোড এলাকার ইব্রাহিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
শামসুদ্দোহার বাবা গোলাম রহমান জানান, তাঁর ছেলে নড়াইলের দারুল কোরআন অ্যাকাডেমিক মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। ওই মাদ্রাসা থেকেই তিনি হাফিজি শেষ করেছেন। রমজানে তিনি ওই মসজিদে তারাবি নামাজ পড়িয়ে ২৭ রোজায় বাড়ি ফেরেন। বাড়িতে একদিন থেকেই নানাবাড়ি চলে যান।
ভুক্তভোগীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, নগরের স্ট্রান্ড রোড এলাকার ইব্রাহিমের বাড়িতে মঙ্গলবার রাতে কয়েকজন চোর আসে। টের পেয়ে শামসুদ্দোহা ঘুম থেকে জেগে এক চোরকে জাপটে ধরেন। তখন তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করে অন্য চোরেরা। তাঁর চিৎকার শুনে নানি ও গৃহকর্মী ছুটে এলে তাঁদেরও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।