চোলাই মদ তৈরির কারখানার সন্ধান দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত গত বুধবার যৌথ অভিযান চালিয়ে ধুনট উপজেলায় চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছেন। একই সময় মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, ইয়াবা, গাঁজা, হেরোইন ও নগদ ৬০ হাজার টাকাসহ উত্তম কুমারকে (৩৫) সদর পাড়ার বাড়ি থেকে এবং গোসাইবাড়ী পূর্ব গুয়াডহুরী গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জাহেরা খাতুনকে (৩৪) এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। উত্তম কুমার একসময় উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। এ ছাড়া বানিয়াজান গ্রামে অভিযান চালিয়ে লক্ষ্মীরানী নামের এক নারীর বাড়িতে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ওই বাড়ির পুকুরপাড়ের মাটির নিচে রাখা কনটেইনার ও ছোট ড্রাম থেকে এক হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। তবে অভিযান টের পেয়ে লক্ষ্মীরানী পালিয়েছেন।
ইউএনও হাফিজুর রহমান বলেন, মাদক বিক্রির অভিযোগে উত্তম কুমারকে দেড় বছর ও জাহেরা খাতুনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তা ছাড়া উদ্ধার করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। লক্ষ্মীরানীর বিরুদ্ধে মামলা হয়েছে।