চৌকিদারকে পেটালেন আ.লীগের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে চৌকিদারকে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার ঘাড়মোরা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার মিশ্বিকারী গ্রামের মো. সফিকুল ইসলাম ঘাড়মোরা বাজারে গরু বিক্রি করতে গেলে শ্রীপুর গ্রামের মো. কাজল মিয়া এর মালিকানা দাবি করে গরুটি আটক করেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলী নোয়াজ ও ইজারাদার আবদুল করিম পরে এ বিষয়ে সালিস বসানোর কথা বলে গরুটি চৌকিদার ধনুর জিম্মায় রাখেন। কিন্তু বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে গরুটি থানায় নিয়ে যায়। এ ঘটনায় আলী নোয়াজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ধনুকে পিটুনি দেন।
ধনু মিয়া লেন, ‘পুলিশে গরু নিয়া যাওয়ার কারণে আমাকে আলী নোয়াজ সাহেব লাঠি দিয়া পিটাইয়া মারছেন।’
তবে অভিযোগ অস্বীকার করে আলী নোয়াজ বলেন, ‘আমরা প্রকৃত চোর ধরতে চেয়েছিলাম। এ জন্য আমাকে না বলে চুরির গরুটি পুলিশের কাছে দিয়ে দেওয়ায় ধনুকে বকাঝকা করেছি।’