চৌদ্দগ্রামে তৃতীয় শ্রেণির প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত
কুমিল্লার চৌদ্দগ্রামে তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তা গতকাল মঙ্গলবার পৌরসভার সব কয়টি (১০টি) বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ইংরেজি পরীক্ষা স্থগিত করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য স্থানের সঙ্গে গত রোববার চৌদ্দগ্রামেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়। গতকাল দুপুর দুইটায় তৃতীয় শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। সোমবার বিকেলে ইংরেজির প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানতে পেরে গতকাল বেলা ১২টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম চৌদ্দগ্রাম পৌর এলাকার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির পরীক্ষা স্থগিত করেন। তবে অন্য শ্রেণির পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
সাঈদা আলম বলেন, ‘প্রশ্ন আমার কাছে থাকে না। প্রশ্ন থাকে প্রধান শিক্ষকের কাছে। কীভাবে প্রশ্ন ফাঁস হয়েছে তা বলতে পারব না। তবে পরীক্ষা শুরুর আগে চৌদ্দগ্রামের একজন গণমাধ্যমকর্মী তাঁর মুঠোফোনে আমাকে প্রশ্ন দেখান।’ এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করে পৌর এলাকার বিদ্যালয়গুলোর ইংরেজি পরীক্ষা স্থগিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকেরা। চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাকাঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোমারপাড় সরকারি প্রথিমিক বিদ্যালয়ের অন্তত ২০ জন অভিভাবক জানান, তাঁদের সন্তানেরা শিক্ষাজীবনের শুরুতেই হোঁচট খাচ্ছে। তাঁরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলার অন্তত তিনজন শিক্ষানুরাগী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, পাসের হার বাড়ানোর জন্য শিক্ষাজীবনের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। প্রশাসনিক ব্যর্থতার কারণে এমনটা ঘটেছে। শিগগিরই তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে তাঁরা মন্তব্য করেন।