কুমিল্লার চৌদ্দগ্রামে কামরুল হাসান (১৩) নামের প্রতিবন্ধী এক শিশুকে হাত-পা বেঁধে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বীরচন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শিশুটির বাবা জাহেদুল হককে আটক করেছে। একই দিন উপজেলার তারাশাইল বাজারে মিজানুর রহমান (৪০) নামের এক শ্রমিককে শাবল দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের ভাষ্যমতে, জাহেদুল হকের সঙ্গে তাঁর স্ত্রী কোহিনূর বেগমের পারিবারিক বিরোধ ছিল। এর জের ধরে ছয় মাস আগে কোহিনূর অপর দুই ছেলে মাহমুদুল হাসান ও নাজমুল হাসানকে নিয়ে বাবার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর গ্রামে চলে যান। এরপর জাহেদুল ছেলে কামরুলকে নিয়ে বাড়িতে ছিলেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জাহেদুল হঠাৎ কামরুলকে হাত-পা বেঁধে ঘরের ভেতরে ফেলে রাখেন। একপর্যায়ে তিনি বাইরে গিয়ে পেট্রল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে কামরুল মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহেদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউএনওর ভাষ্যমতে, জাহেদুল হক মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। ছেলেকে পুড়িয়ে হত্যা করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জাহেদুলের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেছে।
এদিকে উপজেলার তারাশাইল বাজারে মিজানুর রহমান নামের এক শ্রমিকের মাথায় শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শহিদুল ইসলাম নামের অপর এক শ্রমিক গতকাল এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মিজানুর রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের আলী আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারাশাইল বাজারের একটি ঘরে মিজানুর রহমান, একই এলাকার শহিদুল ইসলাম ও আজাদ মিয়া ভাড়া থেকে ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল বেলা ১১টায় ভাড়ার টাকা দেওয়া নিয়ে মিজানুর ও শহিদুলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুল শাবল দিয়ে মিজানুরের মাথায় আঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। মিজানুরের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি হত্যার ঘটনায় মামলা হয়েছে।