চৌমুহনীতে কাউন্সিলর প্রার্থীর সমর্থককে গুলি
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে কাউন্সিলর প্রার্থীর এক সমর্থককে গুলি করে ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হামলার ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
আহত ফয়েজ আহমদকে (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার বাসিন্দা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনের ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র দখলের ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। এই ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়নি।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইসমাইল হোসেনের সমর্থক ফয়েজ আহমদ গনিপুর উত্তরপাড়া এলাকার একটি চায়ের দোকানে। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবক এসে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়।
কাউন্সিলর পদপ্রার্থী ইসমাইল হোসেন অভিযোগ করেন, ‘ফয়েজকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ার হোসেনের সমর্থক আরিফ ও সুমন। আশপাশের লোকজন এসে পড়ায় ফয়েজ প্রাণে রক্ষা পেয়েছে।’
তবে হামলার ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন প্রার্থী আনোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘হামলার ঘটনায় জড়িত আরিফের সঙ্গে ফয়েজের বিরোধ রয়েছে বলে শুনেছি।’
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় আরিফসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।