চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনার জের ধরে রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত এক প্রার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার বদরগঞ্জ থানায় মামলা দুটি করা হয়। এক পক্ষের মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল হকসহ ছয়জনকে এবং অপর পক্ষের মামলায় পরাজিত চেয়ারম্যানপ্রার্থী আনারুল হকসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।
গত ২৮ মে পঞ্চম ধাপে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়ন পরিষদের ভোট হয়। এতে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হন শহিদুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীকের আনারুল হক। গত রোববার বিকেলে বৈরামপুর ধোপানীরঘাট গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত মনজুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে মমিনুল ইসলামকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আনারুল হকের সমর্থক।
বৈরামপুর ধোপানীরঘাট গ্রামের মৌছার আলী বাদী হয়ে সোমবার শহিদুল হকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, শহিদুল হকের পক্ষে কাজ না করায় শহিদুলের নেতৃত্বে তাঁর সমর্থকেরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রোববার বিকেলে তাঁর (মৌছার আলীর) বাড়িতে হামলা চালান। এ সময় মারধর ও ধারালো অস্ত্রের কোপে তাঁর বাবা মনজুল, মা মর্জিনা বেগম, ভাই মমিনুল ও স্ত্রী শেফালী বেগম আহত হন। হামলাকারীরা এ সময় ঘরের ভেতরে ঢুকে আসবাব ও অন্য জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করেন।
আনারুল হকসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন বৈরামপুর ধোপানীরঘাট গ্রামের অহিদুল হক। তিনি মামলায় উল্লেখ করেন, নির্বাচনে আনারুল হকের পক্ষে কাজ না করায় বাদীসহ আরও কয়েকজনকে মারধর করেছেন আনারুল ও তাঁর সমর্থকেরা।
আনারুল হক বলেন, ‘শহিদুল হক চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর নির্দেশে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। এখন তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’
তবে নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনে পরাজিত হয়ে আনারুল হক ও তাঁর সমর্থকেরা আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করছেন।’
মামলা দুটির তদন্ত কর্মকর্তা প্রভাত চন্দ্র রায় বলেন, ‘ওই ইউনিয়নে নির্বাচনপরবর্তী সহিংসতা হয়েছে। দুই পক্ষই মামলা দিয়েছে। তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ’