চেয়ারম্যান পলাতক, দাপ্তরিক কাজ ব্যাহত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাশকতা মামলার কারণে দুই বছর ধরে পলাতক। তিনি না থাকায় দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম উপজেলা বিএনপির বর্তমান সভাপতি। ২০০৮ সালের নির্বাচনে তিনি জয়ী হন।
ইউনিয়ন পরিষদের তথ্যমতে, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ২০১৩ সালের ৩০ নভেম্বর মোজাহারুল ইসলাম একটি মারামারির মামলায় আসামি হন। এ ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনী সহিংসতার আরেকটি মামলায় তাঁকে আসামি করা হয়। এই দুই মামলায় চেয়ারম্যানকে অভিযুক্ত করে গত বছরের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার কারণে চেয়ারম্যান পলাতক থাকায় পরিষদের উন্নয়নমূলক কাজসহ দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুই বছর ধরে গ্রাম্য সালিস হচ্ছে না। এ ছাড়া জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদপত্র পেতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়নের উজান তেওরা গ্রামের কলেজছাত্র রেজাউল করিম ও মিলন মিয়া বলেন, পলাতক থাকায় দুই বছর ধরে চেয়ারম্যান কার্যালয়ে যান না। ফলে অনেকেই জন্মনিবন্ধন ও নাগরিকত্ব সনদপত্র নিতে পারছেন না। কেউ চেয়ারম্যানের নিজের লোকের হাতে কাগজপত্র দিলে তাঁরা গোপনে তাঁর সই এনে দেন।
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের লোকজনও এ বিষয়ে কিছু বলেননি।
চরিতাবাড়ি গ্রামের দিনমজুর রফিকুল মিয়া বলেন, ‘চেরমেন পলে আচে, গায়োত জগরাঝাটি হলে মিটি দেওয়ার নোক নাই। মেমবরের কাচে গেলে তামরা কয়, চেরমেন আসুক।’ একই গ্রামের দিনমজুর আতোয়ার রহমান বললেন, চেয়ারম্যান না থাকায় মেম্বাররা তাঁদের ৪০ দিনের কাজ দেন না। কাজ পেতে তাঁদের নানা ঝক্কি পোহাতে হয়।
এদিকে জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসক নিয়োগ অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবিতে গত বছরের ১৪ আগস্টে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত আবেদন পাঠানো হয়। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিদ্যুৎ কুমারসহ এলাকাবাসী ওই আবেদন করেন।
জেলা প্রশাসকের দপ্তর সূত্রে জানা যায়, ইউনিয়নবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সচিব গত ১৩ সেপ্টেম্বর গাইবান্ধার জেলা প্রশাসককে চিঠি দেন। জেলা প্রশাসক মো. আবদুস সামাদ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ৮ অক্টোবর সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠি দেন।
কিন্তু প্রায় তিন মাস পেরিয়ে গেলেও ইউপি চেয়ারম্যানের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিদ্যুৎ কুমার বলেন, চেয়ারম্যান কোনো কারণে অনুপস্থিত থাকলে প্রশাসক কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়। কিন্তু এই ইউনিয়নে তা করা হয়নি। ফলে তাঁরা কোনো উন্নয়নকাজের সিদ্ধান্ত নিতে পারছেন না। বিষয়টি সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে বারবার তাগাদা দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সুন্দরগঞ্জের ইউএনও আবদুল হাই বলেন, তিনি গত ১৫ ডিসেম্বর চিঠিটি পেয়েছেন। যাচাই-বাছাই করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।