চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে একজন প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ করেছে উপজেলা নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি।
গতকাল মঙ্গলবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুণ্ডু।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৩ মে সন্ধ্যায় হাসানপুর বাজারে বুড়িহাটি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলমকে মারপিট করেন বিদ্যালয়ের ল্যাব সহকারী ও হাসানপুর ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহিদুজ্জামান। এ সময় তাঁকে রক্ষার জন্য এগিয়ে এলে প্রধান শিক্ষক শাহাজাহান আলীকেও মারপিট করা হয়।
কেশবপুর উপজেলা নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, এ ঘটনার পরে সমিতির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়। কমিটির তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।
শাহিদুজ্জামান মারপিটের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একজন চেয়ারম্যান প্রার্থী হয়ে কারও গায়ে হাত তুলতে পারি?’