ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) এ সি একাডেমি ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের আহত ক্যামেরা পারসন সুমন রায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন।
মামলায় চুন্টা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন চুন্টা গ্রামের সামছুল হক (২৬), মকবুল মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২০-২৫ জন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এজাহার ও গ্রামবাসী সূত্র জানায়, গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ কার্ড নিয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোপ্রধান পীযূষ কান্তি আচার্য, ক্যামেরা পারসন সাংবাদিক সুমন রায় ও মাই টিভির ক্যামেরা পারসন হাসান জাভেদ এ সি একাডেমি ভোটকেন্দ্রে যান। সেখানে তাঁরা নৌকা প্রতীকে জাল ভোট দিতে দেখেন। সাংবাদিক সুমন রায় ভিডিও ক্যামেরায় তা ধারণের চেষ্টা করেন। এ সময় শাহজাহান মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন যুবক সুমনকে মারধর করে জখম করেন। তাঁরা সুমনের ভিডিও ক্যামেরাটি ভাঙচুর করে পানিতে ফেলে দেন। সুমনকে রক্ষা করতে পীযূষ কান্তি আচার্য ও হাসান জাভেদ এগিয়ে এলে শাহজাহান মিয়া ও তাঁর লোকজন তাঁদেরও মারধর করেন। হামলাকারীরা সুমন, পীযূষ ও জাবেদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। স্থানীয় লোকজন ওই তিন সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে জেলা সদর হাসপাতালে পাঠান। সুমন ডান কানে গুরুতর আঘাত পেয়েছেন। ওই কানে তিনি এখন কিছুই শুনছেন না। মামলার পর রোববার রাতেই শাহজাহান মিয়াসহ অন্য আসামিরা গা-ঢাকা দিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে শাহজাহান মিয়া বলেন, ‘ভোটকেন্দ্রে ওই সময়ে টুকটাক দরবার (মারধরের ঘটনা)
হয়েছে। তবে ওই সময়ে আমি ভোটকেন্দ্রে ছিলাম না। সাংবাদিকদের মারধরের সঙ্গে আমি জড়িত নই। বর্তমানে আমি চিকিৎসার জন্য ঢাকায় আছি।’