চেয়ারম্যানকে হাতুড়িপেটা, কুপিয়ে জখম
পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে রাজুকে (৩০) হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর শহরের বলাকা ক্লাব সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শহরের বলাকা ক্লাব সড়কের মসজিদে নামাজ শেষে মিজানুর বাসায় ফিরছিলেন। এ সময় পাঁচ–ছয়জন দুর্বৃত্ত মিজানুরকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মিজানুর রহমানের ছোট ভাই মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, মিজানুর গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।