বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদে (ইউপি) দুস্থ ব্যক্তিদের জন্য বরাদ্দ চাল (ভিজিএফ) আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার সন্ধ্যায় ইউপি সচিবসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই ঘটনায় বুধবার রাতেই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ ফকির, ইউপি সচিব, নয়জন ইউপি সদস্য ও একজন চৌকিদারের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি এম সাইফুল ইসলাম মামলাটি করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন ও চৌকিদার খান মোনায়েম। গতকাল বৃহস্পতিবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও রাজীব কুমার রায় বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বুধবার বাইনতলা ইউপির সহস্রাধিক ভিজিএফ কার্ডধারীর জন্য চাল বরাদ্দ দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দুই থেকে তিন কেজি করে চাল কম দেওয়া হচ্ছিল। এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহম্মদ আলী সিদ্দিকী সেখানে গিয়ে ভিজিএফ কার্ডধারীদের দেওয়া চাল মেপে অভিযোগের সত্যতা পেয়ে ইউপি সচিব ও চৌকিদারকে গ্রেপ্তার করা হয়।
রামপাল থানার ওসি বেলায়েত হোসেন বলেন, চেয়ারম্যান আবদুল্লাহ ফকিরসহ বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ ফকির বলেন, ‘চাল আত্মসাতের ঘটনায় যে মামলা হয়েছে তাঁর দায়ভার আমার না। বুধবার এক ইউপি সদস্যকে চাল বিতরণের দায়িত্ব দিয়ে আমি জেলা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাগেরহাট যাই। সন্ধ্যায় এলাকায় ফিরে চাল বিতরণ নিয়ে ঝামেলার খবর শুনি।’