পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে মঠবাড়িয়া পৌর মেয়রের চাচাতো ভাই মো. রাসেল বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানকে প্রধান আসামি করে ৭৯ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
এ ঘটনায় পুলিশ মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মসিউর রহমানকে গতকাল মিঠাখালী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে।
মামলায় অভিযোগ করা হয়, গত সোমবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদের বাসায় প্রতিপক্ষ হামলা চালায়। হামলায় রফিউদ্দিনসহ পাঁচজন আহত হন। এ সময় মেয়রের বাসভবন ও সেখানে রাখা নেতা-কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এর আগে গত সোমবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে লিটন পণ্ডিত (৩০) নামের যুবলীগের এক কর্মী নিহত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদসহ ৫৫ জনকে আসামি করে মামলা করেন।
ওই মামলায় গতকাল মঠবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পৌর মেয়রের বাসায় ভাঙচুরের অভিযোগে
দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মসিউর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।