চেয়ারম্যানের অবহেলায় বঞ্চিত ১২০০ পরিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্বে অবহেলার কারণে ১ হাজার ২০০ হতদরিদ্র পরিবার ১০ টাকা দরের চাল পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মধুসূদন দত্ত বলেন, ইউপি চেয়ারম্যান যথাসময়ে (৩১ মার্চ) তালিকা সরবরাহ না করায় উপকারভোগীদের কার্ড দেওয়া সম্ভব হয়নি।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে গরিব মানুষের মাঝে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ১০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে। এর আগে প্রতিটি ইউনিয়ন থেকে হতদরিদ্র ব্যক্তিদের তালিকা তৈরি করে ইউনিয়ন কমিটিকে সেই তালিকা ৩১ মার্চের মধ্যে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিতে বলা হয়।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও ইউএনও কার্যালয় সূত্র জানায়, শিবনগর ইউনিয়ন কমিটির সভাপতি চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী সেই নির্দেশ পালন করেননি। তাঁকে কয়েক দফা তাগাদা দেওয়ার পরও তিনি সাড়া দেননি। সর্বশেষ তাঁকে গত ৮ আগস্টের মধ্যে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান সেই নির্দেশও আমলে নেননি। ফলে ওই ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিরা ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে না।

উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, ১০ টাকা দরে কার্ডধারী পরিবারগুলোর কাছে বিক্রির জন্য উপজেলায় প্রতি মাসে সাত হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। জনসংখ্যা অনুপাতে শিবনগর ইউনিয়নে ১ হাজার ২০০ পরিবারের জন্য ৩৬ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। শিবনগর ইউনিয়ন থেকে ২৮ আগস্ট তালিকা জমা দেওয়া হলেও নির্দেশনা অনুযায়ী উপকারভোগীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছিল না। এ কারণে কার্ড তৈরি সম্ভব হয়নি।

ইউপি সদস্য সাজেদুর রহমান, জগদীশ চন্দ্র, শহিদুল ইসলাম, আবদুস ছাদেক সরকার ও সাইদুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী ইউপি সদস্যরা নিজ এলাকার দরিদ্র ব্যক্তিদের তালিকা তৈরি করে চেয়ারম্যানের কাছে যথাসময়ে জমা দিয়েছেন। কিন্তু চেয়ারম্যান সেই তালিকা জমা দেননি।

ইউনিয়নের হতদরিদ্র আবদুস ছাত্তার, কলিম উদ্দিন, ফরমান আলীসহ কয়েকজন বলেন, ইউনিয়নে ১ হাজার ২০০ পরিবারের জন্য কার্ড বরাদ্দ থাকলেও চেয়ারম্যান পাঁচ হাজার লোকের ছবি তুলেছেন। ছবি তোলার খরচ বাবদ প্রত্যেকের কাছ থেকে ৩০ থেকে ৫০ টাকা নেওয়া হয়েছে।

শিবনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী বলেন, ইউনিয়নের জনসংখ্যা বেশি হওয়ায় তালিকা তৈরি করতে দেরি হয়েছে। তিনি ২৮ আগস্ট তারিখে তালিকা জমা দিয়েছেন। তবে ভুল করে ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহেতেশাম রেজা বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেও কাজ হয়নি।