চেয়ারম্যানের ইটভাটায় সরকারি মাটি ও গাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ ও মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন।
তবে চেয়ারম্যানের দাবি, সরকারি রাস্তার গাছ ও মাটি তিনি কিনে ব্যবহার করছেন।
অভিযোগকারীর একজন ঝিকরা ইউনিয়নের মানিক জানান, চেয়ারম্যান সাইদুজ্জামান ওই এলাকার ৩৯৫ দাগের একটি সরকারি (খাস) পুকুরপাড় এবং তার পাশের জমি থেকে মাটি কেটে ট্রলিতে করে ইটভাটায় নিয়ে গেছেন। এ ছাড়াও এর আগে তিনি তাঁর লোকজন দিয়ে সরকারি রাস্তার গাছ কেটে ভাটায় দিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, সাইদুজ্জামানের ইটভাটার পাশেই সরকারি পুকুর রয়েছে। সেখান থেকে কয়েক দিন আগে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার আলামত আছে। পুকুরের পাশেই আছে খাসজমি।
বাগমারা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি ওই খাসজমির পরিমাণ ১ দশমিক ২৩ একর। সেই সঙ্গে পুকুরটিও সরকারি বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে খাসজমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে আমাদের কিছু করার নেই।’
সরকারি জমি থেকে মাটি কেটে ভাটায় নিয়ে যাওয়া প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘সরকারি জমি থেকে নয়, পাশের এক ব্যক্তির জায়গা থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এ জন্য তাঁর (ওই ব্যক্তির) সঙ্গে চুক্তি হয়েছে।’
অন্যদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে বলা হয়, ঝিকরা থেকে সেউজবাড়ি সড়কে বেসরকারি সংগঠন প্রশিকার লাগানো মেহগনি, বাবলা, কড়ইসহ বিভিন্ন জাতের গাছ চেয়ারম্যান কেটে নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় তিনজন বলেন, সপ্তাহ খানেক আগে কয়েক দিন ধরে প্রায় ১০০ গাছ কাটা হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান সাইদুজ্জামান জানান, ওই গাছগুলো তিনি নন, স্থানীয় ‘সাগর-সৈকত’ নামের একটি সংগঠনের লোকজন কেটেছে। তারা ওই সব গাছ দেখাশোনা করত। নিয়ম অনুসারে ইউনিয়ন পরিষদ ওই সব গাছের একটি অংশের মালিক। তিনি সমিতির লোকজনের কাছ থেকে গাছের খড়ি ১০০ টাকা মণ দরে কিনে ভাটায় পোড়াচ্ছেন বলে স্বীকার করেন।
চেয়ারম্যান হিসেবে ওই সব গাছ কিনে ভাটায় পোড়ানো ঠিক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ বিক্রি করলে তো কিনতে বাধা নেই।’ তবে সমিতির লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা মন্তব্য করতে চাননি।
উপজেলা বন কর্মকর্তা শাহানুর রহমান জানান, তাঁরা ওই সড়কের গাছ কেটে নেওয়ার বিষয়টি জানলেও তাঁদের কোনো মতামত আমলে নেওয়া হয়নি।
ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আসিফ মাহমুদ জানান, তদন্তের জন্য ভূমি অফিসের জরিপকারীকে (সার্ভেয়ার) দায়িত্ব দেওয়া হয়েছে।