চেয়ারম্যানের ওপর হামলার চেষ্টা, কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যানের ওপর হামলার চেষ্টার অভিযোগে রাজশাহী শিক্ষা বোর্ডের এক প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ওই কর্মকর্তার নাম শহিদুল ইসলাম। কয়েক দিন আগে কার্যালয়ে অনিয়মিত উপস্থিতির কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, গতকাল সকালে চেয়ারম্যান আবদুর রউফ মিয়া রিকশা নিয়ে বোর্ডে আসেন। রিকশা থেকে প্রধান ফটকের সামনে নামামাত্র তাঁর ওপর হামলা চালাতে উদ্যত হন শহিদুল ইসলাম। এ সময় তিনি চেয়ারম্যানকে অশালীন ভাষায় আক্রমণ করেন। এ ঘটনার পর চেয়ারম্যান তাঁকে সাময়িক বরখাস্ত করে তদন্তের নির্দেশ দেন।
তিন সদস্যের কমিটিতে রয়েছেন শিক্ষা বোর্ডের সচিব আবুল কালাম আজাদ, কলেজ পরিদর্শক আনারুল হক প্রামাণিক এবং উচ্চমাধ্যমিক শাখার প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম।
বোর্ডের অন্য কর্মকর্তারা জানান, সম্প্রতি শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার দপ্তরে গিয়ে তাঁদের দেখতে পাননি চেয়ারম্যান। এ ঘটনায় তিন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেন। নোটিশ পাওয়া কর্মকর্তাদের মধ্যে শহিদুল ইসলামও আছেন। ধারণা করা হচ্ছে, এতে ক্ষুব্ধ হয়ে গতকাল শহিদুল ইসলাম চেয়ারম্যানের ওপর প্রকাশ্যে হামলা চালাতে উদ্যত হন।
শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হামলা চালানোর চেষ্টার অভিযোগটি সঠিক নয়।’ আর কারণ দর্শানো নোটিশের ব্যাপারে তিনি বলেন, ‘সে তো ১৫ দিন আগের নোটিশ।’ এ ব্যাপারে তিনি আর বেশি কথা বলতে চাননি।
চেয়ারম্যান আবদুর রউফ মিয়া বলেন, ‘তিন দিন আগে শহিদুল ইসলামকে অফিস চলাকালীন তাঁর টেবিলে পাওয়া যায়নি। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি কারণ দর্শাননি। বরং দুই দিন ধরে নানা উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছেন। গতকাল সকালে অফিসে যাওয়ামাত্র তিনি আমার সঙ্গে তর্কে জড়ানোর চেষ্টা করেন। পরে শহিদুলকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে অতিদ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’