লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজে তালা দেওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও কলেজের অধ্যক্ষকে অপসারণের দাবি জানানো হয়েছে।
ওই ইউপি চেয়ারম্যানের সমর্থকেরা গতকাল সোমবার ইউপি চত্বরে সমাবেশ ও কলেজ মোড়ে সড়ক অবরোধ করে এসব দাবি জানান।
গত বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ উপজেলার কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করে। গতকাল ইউপি চেয়ারম্যান ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, কলেজের কম্পিউটার শাখা থেকে চুরি হওয়া পাঁচটি কম্পিউটার, একটি প্রজেক্টর ও একটি মোবাইল ফোন কলেজের গ্রন্থাগারিক নুরুল আমিনের স্ত্রীর কাছ থেকে ৮ ডিসেম্বর উদ্ধার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ মনোয়ারুল ইসলাম গ্রন্থাগারিক নুরুল আমিনকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি নিজ জিম্মায় নুরুল আমিনকে ৯ ডিসেম্বর থানা থেকে ছাড়িয়ে আনেন। ওই দিনই শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী চোরকে মুক্ত করে আনার প্রতিবাদ জানান। তিনি দাবি করেন, ‘আমি তাঁদের সবাইকে শান্ত করতে ৯ ডিসেম্বর কলেজ চত্বরে যাই। অথচ আমার নামে ১১ ডিসেম্বর অধ্যক্ষ কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল ইসলামকে দিয়ে থানায় মামলা করিয়েছেন।