সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি বাসভবনের আঙিনার ১৪টি মেহগনিগাছের সব ডালপালা ও মাথা মুড়ে কেটে ফেলা হয়েছে। চেয়ারম্যান মোজাম্মেল হকের নির্দেশেই এগুলো কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এভাবে কাটায় যেকোনো মুহূর্তে গাছগুলো মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা চেয়ারম্যান কৌশল অবলম্বন করে গাছগুলোর ডালপালা ও মাথা কেটেছেন। পরে মরে যাওয়ার অজুহাতে সব গাছ কেটে ফেলবেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি বাসভবনসহ উপজেলা পরিষদ চত্বরে বন বিভাগ বেশ কিছু মেহগনিগাছ লাগায়। গাছগুলো ইতিমধ্যে বেশ বড় হয়েছে। গত শুক্রবার চেয়ারম্যানের নির্দেশে তাঁর বাসভবনের ১৪টি মেহগনিগাছের মাথা ও ডালপালা কেটে ফেলা হয়।
চেয়ারম্যানের বাসভবনের তত্ত্বাবধায়ক শফিউল ইসলাম বলেন, গাছগুলোর ডালপালার ছায়ায় বাসভবন চত্বরে কোনো শাকসবজি আবাদ করা সম্ভব হতো না। এ কারণে চেয়ারম্যানের নির্দেশে এগুলো কাটা হয়েছে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘আমার বাসভবনের মধ্যে কিছু গাছের ডালপালা কাটা হয়েছে। বাইরের কোনো গাছ তো আর কাটা হয়নি। এটা দোষের কিছু নয়। কিছু ফলের গাছ আর শাকসবজির আবাদ করেছি, তাই ডালগুলো কাটা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম জানান, ডালপালা ও মাথা মুড়ে কেটে ফেলার কারণে গাছগুলো আর বেড়ে উঠবে না, যেকোনো মুহূর্তে মারা যাবে। বিষয়টি নিয়ে চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কাজীপুর উপজেলা বন বিভাগ কার্যালয়ে কর্মরত একমাত্র কর্মচারী মকরম হোসেন বলেন, সরকারি জায়গার কোনো গাছ বা ডালপালা এভাবে কাটা বেআইনি। উপজেলা প্রশাস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।