চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় বিএনপির সভা পণ্ড, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বরগুনার তালতলী উপজেলা বিএনপির মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের বাড়িতে হামলা ও আহ্বায়কের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে প্রায় এক ঘণ্টা ধরে এ তাণ্ডব চলে।

উপজেলা বিএনপির কয়েকজন নেতার অভিযোগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মনিরুজ্জামানের নেতৃত্বে ৩০-৪০ জন দলীয় নেতা-কর্মী এ হামলা চালান। এতে বিএনপির সাত নেতা-কর্মী আহত হন।

উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় স্থানীয় নূরজাহান বালিকা বিদ্যালয়ে জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে তালতলী উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথ সভা শুরু হওয়ার কথা ছিল। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা সভায় যোগ দিতে যাওয়ার সময় পথে কয়েকজন নেতা-কর্মীকে মারধর করা হয়।

রাত আটটার দিকে আওয়ামী লীগের ৩০-৪০ জন নেতা-কর্মী তালতলী বন্দর এলাকায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মামুনের বাড়ি, বিএনপির কর্মী হুমায়ুনের চায়ের দোকানে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান।

পরে ওই যুবকেরা উপজেলা বিএনপির আহ্বায়ক ফরহাদ হোসেন মৃধার ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন।

বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান অভিযোগ করেন, মতবিনিময় সভায় যোগ দিতে আসা নেতা-কর্মীদের পথিমধ্যে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে। পরে উপজেলা বিএনপির কয়েকজন নেতার বাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানের নেতৃত্বে এ হামলা হয়। এতে মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে।

ফরহাদ হোসেন মৃধা অভিযোগ করেন, মতবিনিময় সভা পণ্ড করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানের নেতৃত্বে সন্ত্রাসীরা বিএনপির নেতা-কর্মীদের মারধর ও বাড়িতে তাণ্ডব চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৩০-৩৫ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তালতলী বন্দরে মহড়া দেওয়া শুরু করেন। এরপর বিএনপির কয়েকজন কর্মীকে মারধর ও কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবে বন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন ও লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন।

অবশ্য মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিএনপির কমিটি নিয়ে দ্বন্দ্ব আছে। এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি পুলিশকে সহায়তা করেছি মাত্র।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ‘বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মামুনের বাড়ির কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কোনো মারধরের ঘটনা আমার জানা নেই। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত ২৩ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের নেতা মনিরুজ্জামান প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।