চেয়ারম্যানের প্রতিহিংসায় ১১ পরিবার নিঃস্ব

লাশ নিয়ে তখনো ব্যস্ত পরিবার-পরিজন। এরই মধ্যে দলবল নিয়ে ১১ জনের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে হামলা। মুহূর্তেই পুড়ে ছাই কয়েক লাখ টাকার সম্পদ। অথচ খুনের ঘটনাটিতে ওই ১১ ব্যক্তি সন্দেহভাজনও নন। নির্বাচনে তাঁরা শুধু চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ছিলেন। খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন ব্যক্তিসহ কারও বাড়িতে আঁচড়ও পড়েনি।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামের ক্লিনিক ব্যবসায়ী নজরুল ইসলামের (৩৬) খুনের ঘটনা অনুসন্ধানে এসব তথ্য মিলেছে। এলাকাবাসী বলছেন, খুনের ঘটনাকে পুঁজি করে খাসকররা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। হামলায় ১১টি পরিবার এখন নিঃস্ব। হামলার ঘটনায় নিহত নজরুলের পরিবারও বিস্মিত।
গত ৬ জুন দুপুরে তিওরবিলা গ্রামে নজরুল ইসলামকে গুলি করে ও কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।
সরেজমিনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারে সঙ্গে কথা বলে জানা যায়, নজরুল খুন হওয়ার এক ঘণ্টার মধ্যে চেয়ারম্যান মোস্তাফিজুর দলবল নিয়ে তিওরবিলা ও পাশের হাকিমপুর গ্রামের ১১ জনের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তাণ্ডব চালান। বাড়িগুলো গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী তাফছীর আহমেদের সমর্থকদের। পেট্রল ঢেলে আগুন দেওয়ায় মুহূর্তেই পুড়ে যায় এসব স্থাপনা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আর্থিক সাহায্যের জন্য গত ৩০ জুন জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
গত ২৯ জুন তিওরবিলা গ্রামে নজরুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর (এখানেই তাঁদের ক্লিনিক ব্যবসা) বাড়িতে গিয়ে স্বজনদের পাওয়া যায়। নজরুলের ছোট ভাই আকতার হোসেন বলেন, ১৯৯৮ সালে তাঁর বাবা তৎকালীন ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খুন হন। খুনি সাজা ভোগ শেষে সম্প্রতি মুক্তি পেয়েছে। তারাই তাঁর ভাইকে খুন করেছে।
নজরুলের স্ত্রী চম্পা খাতুন বলেন, ইউপি নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুরের পক্ষে কাজ করেন নজরুল। অপরদিকে শ্বশুরের (লুৎফরের) খুনিরা ‘বিদ্রোহী’ প্রার্থী তাফছীর আহমেদের পক্ষে কাজ করে।
তবে তিওরবিলা গ্রামের একাধিক ব্যক্তি জানান, মোস্তাফিজুরের পক্ষে কাজ করলেও আগে নিজেই প্রার্থী হওয়ার চিন্তা করেছিলেন নজরুল। ভোটের পর দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। পুলিশের অনুসন্ধানেও তা বেরিয়ে এসেছে। মা আনোয়ারা বেগম বলেন, নজরুল নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি দাবি করেন, নজরুল ও তাঁর বাবার খুনিরা একই চক্রের। কিন্তু খুনিদের কারা ব্যবহার করেছে, সেটা জানা জরুরি।
চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আনোয়ারা বেগম নিজেও বিস্মিত। তিনি বলেন, ‘আমরা যখন ছেলের লাশ নিয়ে ব্যস্ত ছিলাম, তখন অতি উৎসাহী কিছু লোক হামলা করেছে ও আগুন ধরিয়েছে।’ নজরুলের পরিবার ও পুলিশের চোখে নজরুল খুনের মূল সন্দেহভাজন ব্যক্তি তিওরবিলার ওল্টু (৪২)। লুৎফর খুনের ঘটনায় ১৮ বছর সাজা খেটে সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন। নজরুলের খুনের মামলারও প্রধান আসামি তিনি। অথচ তাঁর বাড়িতে কোনো আঁচড় পড়েনি। যেসব বাড়িতে হামলা হয়েছে, তারা সবাই নিরীহ হিসেবে এলাকায় পরিচিত।
হামলার শিকার তিওরবিলার আবদুল মান্নান চৌধুরী বলেন, ৬ জুনের তাণ্ডবে তিনি এবং তাঁর তিন ভাই আজিজুর রহমান চৌধুরী, আলি হোসেন চৌধুরী ও আবদুল্লাহ চৌধুরী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া গ্রামের টিক্কা চৌধুরী, কনেস আলী, ছারে খাতুন এবং হাকিমপুর গ্রামের আনোয়ার হোসেন, মতিয়ার রহমান ও তোফাজ্জেল হোসেনও ক্ষতির শিকার হয়েছেন।
আবদুল মান্নানের স্ত্রী মনোয়ারা বেগম ধ্বংসস্তূপের ভেতরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। আমার চাকরির প্রয়োজনীয় কাগজপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।’ অন্য বাড়ির নারী-পুরুষেরাও একই বর্ণনা দেন। হাকিমপুরের তোফাজ্জেল হোসেনের স্ত্রী সোনাভানু বলেন, তাঁর এক ছেলের চাকরির জন্য জমানো ছয় লাখ টাকা লুট ও সবকিছু পুড়ে গেছে। প্রবেশপত্র পুড়ে যাওয়ায় ছোট ছেলে এইচএসসির দুটি পরীক্ষা দিতে পারেনি।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল বলেন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ছয়টি মামলা হয়েছে। সবকটিতেই প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রশিদুল হাসান বলেন, ঘরবাড়ি পোড়ানোর মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। চেয়ারম্যানকে ধরতে অভিযান চালানো হলেও কৌশলে তিনি পালিয়ে গেছেন।