চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণের অভিযোগ
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন খানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, অসদাচরণের অভিযোগ এনেছেন ওই ইউপির ৯ সদস্য। এ ঘটনায় গত ৩১ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ওই ইউপি সদস্যরা একটি লিখিত অভিযোগ দেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও মো. নুরুজ্জামান নিজেই তদন্ত শুরু করেন।
অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান বেলাল উপজেলা এডিপি, রাজস্ব (বিশেষ) খাতের ৪ লাখ টাকার সেলাইমেশিন ক্রয় প্রকল্প সম্পর্কে ইউপি সদস্যদের কিছু না জানিয়ে ভুয়া রেজল্যুশন দেখিয়ে সব টাকা আত্মসাৎ করেন। একইভাবে বিভিন্ন কার্যবিবরণী খাতায় ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে প্রসাদপুর ও বুড়িদহ খেয়াঘাটের ইজারার প্রায় ৫০ হাজার টাকা, উপজেলা বন বিভাগ হতে প্রাপ্ত ৪৫ হাজার টাকা, গোটগাড়ী হাটের ইজারার ৪৮ হাজার টাকা, গোটগাড়ী ধানহাটিতে সিসি ঢালাই ও নালা নির্মাণ বাবদ ৪ লাখ টাকা কাজ না করেই আত্মসাৎ করেন। বিধি অনুযায়ী কোনো চেয়ারম্যান ও সদস্য একের অধিক প্রকল্পের সভাপতি হতে পারবেন না। কিন্তু ইউপির নিজস্ব খাতের ৫০ হাজার টাকার প্রকল্পের কাজ না করেই চেয়ারম্যান নিজেই সভাপতি সেজে সেই অর্থ আত্মসাৎ করেন। টিআর-কাবিখা প্রকল্পের সভাপতি ছাড়াই চেয়ারম্যান নিজেই ওই প্রকল্পের প্রায় ২ লাখ টাকা এবং প্রসাদপুর ইউনিয়নের সাবেক সদস্যদের সম্মানী ভাতার ৫০ হাজার ৪০০ টাকা বর্তমান চেয়ারম্যান ভুয়া সভা দেখিয়ে উত্তোলন করে তা আত্মসাৎ করেন। এসব অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করতে গেলে তিনি ইউপি সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অভিযোগে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা (ইউপি সদস্য) ইউপির দৈনন্দিন কাজ করবেন না ও চেয়ারম্যানকে কোনো কাজে সহযোগিতা করবেন না।
তবে ইউপি চেয়ারম্যান বেলাল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই দাবি করে বলেন, ‘কেউ কেউ ইউপি সদস্যদের ভুল বুঝিয়ে এসব অভিযোগ করিয়েছেন।’
ইউএনও মো. নুরুজ্জামান বলেন, ‘প্রসাদপুর ইউপি সদস্যদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি আমি নিজেই তদন্ত শুরু করেছি। দু-এক দিনের মধ্যেই বিস্তারিত তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।’ জেলা প্রশাসক আমিনুর রহমান বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।