দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মধ্যে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ ব্যয় ও গাড়ি ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্প অনুমোদনের আগেই তিনি ২২ লাখ টাকার সৌরবিদ্যুৎ প্যানেল নিজের উপজেলায় বিতরণ করেছেন। দরপত্র ছাড়াই কিনেছেন সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা।
আতাউর রহমান গত ১২ জানুয়ারি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নেন। তিনি সাঘাটা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক ও জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য।
জেলা পরিষদের একাধিক সূত্র জানায়, দরপত্র নীতিমালা অনুযায়ী, ২ লাখ টাকার বেশি কাজের ক্ষেত্রে দরপত্র আহ্বান ও প্রকল্পসমূহ অনুমোদনের জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে পাঠাতে হয়। অনুমোদনের পর টাকা খরচ করার কথা। এ ছাড়া মোট বরাদ্দের ৬০ শতাংশ দরপত্র আহ্বান ও ৪০ শতাংশ প্রকল্প করে টাকা খরচের নিয়ম রয়েছে। কিন্তু চেয়ারম্যান আতাউর রহমান প্রকল্প অনুমোদনের আগে ও দরপত্র আহ্বান ছাড়াই পরিষদের নিজস্ব তহবিল থেকে ২২ লাখ টাকা ব্যয়ে ৮৮টি সৌরবিদ্যুৎ প্যানেল নিজ এলাকা সাঘাটা উপজেলায় বিতরণ করেছেন। ২ লাখ করে মোট ১১টি প্রকল্পের মাধ্যমে এসব সৌরবিদ্যুৎ প্যানেল মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। ২৬ মার্চ সাঘাটা ডাকবাংলো চত্বরে জেলা পরিষদের সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের উপস্থিতিতে এগুলো বিতরণ করা হয়। এ ছাড়া আতাউর রহমান দরপত্র আহ্বান না করেই ৩ লাখ টাকা ব্যয়ে ডাকবাংলোসহ জেলা পরিষদ কার্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন করেছেন।
এ প্রসঙ্গে চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে বলেন, ‘নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ প্যানেল দেওয়া হয়েছে। পরিষদের সিদ্ধান্ত নিয়ে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ২ লাখ টাকা করে প্রকল্প নিজেরাই করতে পারি।’ নিজের এলাকায় বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঘাটা নদীভাঙনকবলিত। তাই এখানে আগে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা জেলায় সৌরবিদ্যুৎ প্যানেল দেওয়া হবে।’
এদিকে সরকারি যানবাহন ব্যবহারের নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা জেলার বাইরে সরকারি গাড়ি নিয়ে ভ্রমণ করতে পারেন না। এর ব্যতিক্রম হলে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। কিন্তু চেয়ারম্যান আতাউর পরিষদের গাড়ি নিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে আতাউর রহমান বলেন, ‘মন্ত্রণালয়ে প্রোগ্রাম (অনুষ্ঠান) ছিল। অবশ্যই আমাকে গাড়ি নিয়ে যেতে হবে। আমি অফিশিয়াল কাজেই যাই।’
সরকারি বাসভবন না পাওয়ায় আতাউর রহমান পরিষদের ডাকবাংলোয় থাকছেন। চেয়ারম্যানের কর্মী-সমর্থকেরা প্রায় সময় সেখানে অবস্থান করেন। তাঁরা গভীর রাত পর্যন্ত হই-হুল্লোড় ও উচ্চ স্বরে কথা বলেন। এতে সমস্যায় পড়ছেন আশপাশের কক্ষে থাকা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘চেয়ারম্যানের লোকজনের কারণে গভীর রাত পর্যন্ত ঘুমাতে পারি না। তাঁদের কিছু বলাও যায় না।’
এ বিষয়ে চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘সরকার এখন পর্যন্ত আমাকে বাসভবন দেয়নি। জনগণ আমাকে যেন সহজে পায়, সে জন্য জেলা পরিষদের কক্ষ ভাড়া দিয়ে থাকি। আমি জনপ্রতিনিধি। কথা বলতে গেলে রাত বারোটা-একটা হতে পারে। জনগণকে সেবা দেওয়াই আমার কাজ।’