চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুচিয়ারচর এলাকায় এভাবেই কেটে নেওয়া হচ্ছে গাছ। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
কুচিয়ারচর এলাকায় এভাবেই কেটে নেওয়া হচ্ছে গাছ। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরেন রায়ের বিরুদ্ধে বন বিভাগের লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন উপজেলা বন বিভাগের কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বন বিভাগ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা বন বিভাগ ১৯৮৫-৮৬ অর্থবছরে বনায়ন কর্মসূচির আওতায় ২১ কিলোমিটার দীর্ঘ হারতা-সাতলা জিসিসিআর সড়কের দুই পাশে গাছ লাগায়। ওই গাছ পরিচর্চার জন্য বনায়ন সংরক্ষণ কমিটি নামে একটি কমিটি গঠন করা হয়। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ওই সড়কের কুচিয়ারচর থেকে হারতা বাজারের পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের দুই পাশ থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছেন ইউপি চেয়ারম্যান হরেন রায়।
কুচিয়ারচরের বাসিন্দা ও বন সংরক্ষণ কমিটির সদস্য উমেশ বিশ্বাস, চয়ন হালদার অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ক্ষমতার প্রভাব দেখিয়ে গত বৃহস্পতিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত ১৬ জন শ্রমিক নিয়ে ওই এলাকা থেকে রেইনট্রি, মেহগনি, চাম্বলসহ ১০টি গাছের মোটা ডাল এবং পাঁচটি গাছ গোড়া থেকে কেটে নেন। কেটে নেওয়া গাছের আনুমানিক দাম এক লাখ টাকার বেশি।
হারতা গ্রামের অভিলাষ হালদারসহ কয়েকজন বলেন, গত বৃহস্পতিবার তাঁরা উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি জানান। এরপরও তিনি কোনো পদক্ষেপ নেননি। হরেন রায় দাবি করেন, এলাকার কাঠের কয়েকটি সেতু মেরামত করতে তিনি কিছু গাছের ডাল কেটেছেন। বন বিভাগের অনুমতি নিয়েই ডালগুলো কাটা হয়েছে।
অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম হাওলাদার বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে এমন কোনো অনুমতি দেওয়া হয়নি। আমি দুই উপজেলার দায়িত্বে থাকায় ব্যস্ততার জন্য পদক্ষেপ নিতে পারিনি। এ ব্যাপারে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’