‘হুনছি সরকার গরিবের লাইগা ১০ টেহা দরে চাল দিব। তালিকায় আমার নাম ৪৩৭ নম্বরে, স্ত্রীর নামও আছে ২২৬ নম্বরে। এর মধ্যে দুবার চাল দেওয়া হইছে। কিন্তু আমরা কার্ড পাইছি না, চালও পাইছি না। হুনছি চেয়ারম্যান-মেম্বররা চাল তুইলা বেইচ্চা হালাইছে।’
কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কাওয়াকুড়ি গ্রামের দিনমজুর ফজল হক (২৭)। তাঁর মতো ইউনিয়নের আরও ২৩ জনের নাম তালিকায় থাকলেও তাঁরা কার্ড পাননি। এ ছাড়া তালিকায় থাকা ২২ জনের অস্তিত্ব পাওয়া যায়নি। ১৬ জন এলাকায় না থাকলেও তালিকায় নাম আছে। ১২ জন কার্ডধারীকে দুটি করে এবং ৯টি পরিবারে একাধিক কার্ড দেওয়া হয়েছে। এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ১৯ অক্টোবর অভিযোগ দিয়েছেন।
ইউএনও তরফদার সোহেল রহমান গতকাল সোমবার বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতে উপজেলা খাদ্যনিয়ন্ত্রককে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এলাকার কয়েকজন বলেন, ১০ টাকা কেজি দরে চালের জন্য রূপনারায়ণকুড়া ইউনিয়নে ১ হাজার ২০০ কার্ড দেওয়া হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কয়েকজন সদস্য ও ডিলারকে নিয়ে চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে কাওয়াকুড়ি, আয়নাতলী, পাখিয়াতলা, গাছগড়া, কৃষ্ণপটি ও বাগিচাপুর গ্রামে নামে-বেনামে তালিকা করে চাল তুলে বিক্রি করে দিয়েছেন।
দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামের আবদুল আওয়াল বলেন, ‘দিনমজুরি কইরা সংসার চালাই। কাম না থাকলে না খাইয়া থাহুন লাগে। তালিকায় আমার নামে ৫৮৩ নম্বর কার্ড অইছে। কিন্তু আমি পাইছি না। এলাকায় যারা থাহে না, এলাকায় যাগর নাম-গন্ধ নাই, তাগর নামে কার্ড অইছে।’
কাওয়াকুড়ি গ্রামের আলিম হোসেন বলেন, ‘এলাকায় থাকেন না, অস্তিত্ব নাই এমন লোকজনের নামে এবং একজনের নামে একাধিক কার্ড দেওয়া হয়েছে। বিষয়টি এলাকাবাসীকে নিয়ে তালিকা ধরে আমরা তদন্ত করেছি। এসব চেয়ারম্যানের দুর্নীতি। এই কার্ড বাতিল করতে ইউএনওর কাছে আমরা লিখিত দিয়েছি।’
৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ‘এ পর্যন্ত দুবার চাল বিতরণ করা হয়েছে। এসব কার্ডে উত্তোলিত চাল চেয়ারম্যান ও কয়েকজন মেম্বর কালোবাজারে বিক্রি করেছেন। ভুয়া কার্ড বাতিলের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছি।’
চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। যে তালিকা অনুযায়ী আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ইতিমধ্যে সেই তালিকা যাচাই-বাছাই করে সংশোধন করা হয়েছে। বর্তমান তালিকায় অনিয়ম নেই।’