চেয়ারম্যানের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের দ্বিতীয় কিস্তির ৯ হাজার ৪০০ কেজি চাল বিক্রির করে অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রথম কিস্তিতে জনপ্রতি ২০ কেজি চাল ও দ্বিতীয় কিস্তিতে ২৫ কেজি করে কম দেওয়ার দেওয়ার অভিযোগ রয়েছে। দ্বিতীয় কিস্তির চাল গতকাল শনিবার দেওয়া শুরু হয়। চাল কম দেওয়ার অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে চেয়ারম্যান বিতরণ বন্ধ করে দেন।

লালমোহন উপজেলা মৎস্য কার্যালয় ও উপজেলা নির্বাহী কমকর্তার কার্যালয় সূত্র জানায়, জাটকা সংরক্ষণ মৌসুম (নভেম্বর-জুন) এবং দুই মাস (মার্চ-এপ্রিল) ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে জাল ফেলা, মাছ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ। এ জন্য সরকার চার মাস (মার্চ-জুন) বেকার জেলেদের জনপ্রতি ৪০ কেজি হিসাবে ১৬০ কেজি চাল বরাদ্দ করেছে। লালমোহন উপজেলার ৮৩০ জন জেলে এ সুবিধা পাচ্ছেন। সেখানে মোট ১ হাজার ৩২৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই চালের সরবরাহ আদেশ (ডিও) গত ফেব্রুয়ারি মাসেই হয়েছে। কিন্তু ইউপির চেয়ারম্যান নানা জটিলতা দেখিয়ে বিলম্বে চাল বিতরণ করছেন।

লালমোহনের খাদ্যগুদাম কর্মকর্তা নুরুল্লাহ বলেন, ১৭ জুলাই ফরাজগঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল বাশার গুদাম থেকে ৮৩০ জন জেলের দুই মাসের (মে-জুন) ৬৬ দশমিক ৪ মেট্রিক টন (৬৬ হাজার ৪০০ কেজি) চাল উত্তোলন করেছেন, যা ১ হাজার ৩০৯টি বস্তায় রয়েছে। বাকি চাল আরও আগে তুলেছেন। গুদাম কর্মকর্তা আরও বলেন, গুদামে খাদ্য অধিদপ্তরের সিল ছাড়া এবং প্লাস্টিকের সুতায় সেলাই করা কোনো বস্তা নেই। যদি এমন হয়, সেটি চেয়ারম্যান-মেম্বারদের তৈরি করা বস্তা।

ফরাজগঞ্জ ইউপির চার-পাঁচজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, চেয়ারম্যান লালমোহন গুদাম থেকে এনে ইউপির গুদামে ১ হাজার ১৪০ বস্তা (৫৭ মেট্রিক টন) চাল তুলেছেন। বাকি ৯ হাজার ৪০০ কেজি (২৮৮ বস্তা) চাল লালমোহনে ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। একই সঙ্গে সদস্যদের ডেকে ৮০ কেজির জায়গায় প্রত্যেক জেলেকে ৫৫ কেজি করে চাল দিতে নির্দেশ দেন। ২৬ জুলাই চাল দেওয়ার কথা ছিল। এতে কয়েকজন ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে ওপর মহলে জানান। পরে ওপর মহল ২৬ জুলাই চাল বিতরণ বন্ধ করে সমস্যা সমাধানের চাপ দেয়। পরে ওই চাল গতকাল শনিবার দেওয়া শুরু হয়েছে।

ইউপি সদস্যরা আরও বলেন, চেয়ারম্যান নিজে কখনো ত্রাণের শস্য তোলার দায়িত্ব নেন না। দায়িত্ব দেন ইউপি সদস্যদের। কিন্তু চেয়ারম্যান ঠিকই চাল বিক্রির ভাগ নেন। একই সঙ্গে ইউপি সদস্যরা প্রথম কিস্তিতে জেলেপ্রতি ৮০ কেজির জায়গায় ৬০-৬২ কেজি ও দ্বিতীয় কিস্তিতে ৫২-৫৪ কেজি চাল বিতরণ করেছেন।

গতকাল শনিবার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউপি চেয়ারম্যান আবুল বাশার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলামসহ আওয়ামী লীগের নেতারা চাল বিতরণ করছেন। তাঁরা ৩ জন জেলেকে ৪ বস্তা চাল দিয়েছেন। প্রত্যেককে ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাজারে নিয়ে মেপে দেখা যায়, প্রতি বস্তায় ৪০-৪৫ কেজি চাল রয়েছে। এতে প্রত্যেক জেলে ৫২-৫৫ কেজি চাল পেয়েছেন। চাল কম দেওয়ার অভিযোগে জেলেরা বিক্ষোভ শুরু করেন। এমন পরিস্থিতিতে ইউপি চেয়ারম্যান ২৮৬ জনকে চাল দেওয়ার পরে বিতরণ বন্ধ করে দেন।

গুদাম ঘুরে দেখা যায়, ২৮৬ জনকে ৩৭৯ বস্তা চাল দেওয়ার পরে ইউপির গুদামে ৫৮৫ বস্তা চাল রয়েছে। এতে মোট ৯৬৪ বস্তা চাল পাওয়া যায়। এসব বস্তার অনেকগুলোর গায়ে খাদ্য অধিদপ্তরের কোনো সিল ছিল না। অনেক বস্তার মুখ আবার প্লাস্টিকের লাল সুতা দিয়ে সেলাই করা।

ফরাজগঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল বাশার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনো ত্রাণের চাল খান না। সব সময় ইউপি সদস্যদের চাল উত্তোলন ও বিতরণের দায়িত্ব দেন। ১ জন জেলেকে প্রতি বস্তা ৫৪ কেজি ধরে ৩ জন জেলেকে ৪ বস্তা চাল দেওয়া হয়েছে। যদি চাল কম হয়, তা গুদাম কম দিয়েছে। এখানে পরিষদের কোনো দোষ নেই।

তিনি আরও বলেন, জেলেদের দ্বিতীয় কিস্তির চাল তোলার দায়িত্ব দিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর নবী ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইয়াছিনকে। তাঁরাই চাল বিতরণ করছেন। তিনি ও উপজেলা চেয়ারম্যান সেটি মনিটরিং করেছেন।

৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুর নবী বলেন, তাঁরা চাল কম দেননি। জেলেরা যা পাওনা, তা-ই দিয়েছেন।

লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, চেয়ারম্যান আবুল বাশার বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণে বিভিন্ন লোক বদনাম ছড়াচ্ছেন।

ইউএনও শামছুল আরেফিন বলেন, ইউপি চেয়ারম্যান কেন কম চাল ওঠালেন, তা তদন্ত করে দেখবেন। অভিযোগ সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।