চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাসের বিরুদ্ধে এক নারীর দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। টাকা ফেরত পেতে পার্বতী ধর নামের ওই নারী ২ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনপত্রে পার্বতী ধর উল্লেখ করেন, তাঁর বাড়ি উপজেলার সুন্দলী গ্রামে। পাশের মশিয়াহাটী গ্রামের হাজের মণ্ডল সাত বছর আগে তাঁর কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। এর কিছুদিন পর হাজের তাঁর (পার্বতী) এক ভরি তিন আনার স্বর্ণালংকার নিয়ে অন্যের কাছে বন্ধক রেখে টাকাটা ধার হিসেবে নেন। অনেক চেষ্টা করেও তিনি হাজের মণ্ডলের কাছ থেকে ওই টাকা ও স্বর্ণালংকার আদায় করতে পারেননি। টাকা ও স্বর্ণালংকার ফেরত পেতে গত বছরের সেপ্টেম্বরে তিনি সুন্দলী ইউনিয়ন পরিষদে আবেদন করেন। এর কয়েক দিন পর ইউপি চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস এক সালিস বৈঠক করেন। ওই বৈঠকে একটি নির্দিষ্ট সময় দিয়ে হাজের মণ্ডলকে চেয়ারম্যানের কাছে টাকা জমা দিতে বলা হয়। সে অনুযায়ী হাজের মণ্ডল ২ লাখ টাকা চেয়ারম্যানের কাছে জমা দেন। কিন্তু চেয়ারম্যান ওই টাকা পার্বতী ধরকে দিতে কালক্ষেপণ করতে থাকেন। তাগাদার একপর্যায়ে গত বছর নভেম্বরে চেয়ারম্যান তাঁকে ৫০ হাজার টাকা দেন। অবশিষ্ট টাকা দাবি করলে সালিস বৈঠকে উপস্থিত লোকজন তা ভাগ করে নিয়েছেন বলে চেয়ারম্যান তাঁকে জানান।
পার্বতী ধর বলেন, ‘টাকা চাইতে গেলে চেয়ারম্যান আমার পরিবারের লোকজনকে জেলের ভাত খাওয়াবেন বলে হুমকি দেন।’
হাজের মণ্ডল বলেন, ‘একটা কাজের জন্য আমি পার্বতীর কাছ থেকে ২ লাখ টাকা এবং তাঁর এক ভরি তিন আনা স্বর্ণালংকার বন্ধক রেখে আরও কিছু টাকা ধার নিয়েছিলাম। কাজটি না হওয়ায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও সিদ্ধান্ত অনুযায়ী সালিসের কয়েক দিন পর অনেক কষ্ট করে আমি ২ লাখ টাকা জোগাড় করে চেয়ারম্যানকে দিয়েছি। তবে স্বর্ণালংকার আমি এখনো দিইনি। খুব শিগগির আমি তা পার্বতীকে ফিরিয়ে দেব।’
পরিতোষ কুমার বিশ্বাস বলেন, ‘সালিস করে আমি ২ লাখ টাকা আদায় করে পার্বতীর দুজন লোকের কাছে দিয়ে দিয়েছি।’
ইউএনও সিফাত মেহনাজ বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তাকে বলা হয়েছে।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার বলেন, ‘বিষয়টি শুনানির জন্য ২০ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। শুনানিতে উপস্থিত হতে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।’