চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি করার অভিযোগ তদন্ত শুরু হয়েছে। গত বৃহস্পতিবার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে চুনারুঘাট উপজেলা পরিষদের  বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অধীনে ৭৮ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের এ বরাদ্দ বিতরণ করতে গিয়ে নানা দুর্নীতি ও অনিয়ম করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরা প্রাথমিক তদন্তে নানা অনিয়ম খুঁজে পান। পরে ইউএনও এসব দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের মধ্যে রয়েছে উপজেলার হাজী আলিম উল্লাহ মাদ্রাসার ও গণপাঠাগারের জন্য ৭ লাখ ৭৯ হাজার  টাকা, নুর মোহাম্মদ ফাজিল মাদ্রাসা ও পাঠাগারের উন্নয়নে ৭ লাখ ১ হাজার টাকা বরাদ্দ দেওয়ার বিষয়। এ ছাড়া দেওরগাছ মসজিদসহ উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে। কিন্তু ইউএনও এ অর্থের বিপরীতে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এ অর্থ প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়নি। ভুয়া প্রকল্প দেখিয়ে উপজেলা চেয়ারম্যান সরকারি এ অর্থ আত্মসাৎ করেছেন বলে মনে করে উপজেলা প্রশাসন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মো. মতিউর রহমান ও একই বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া গত বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা সদরে আসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, চুনারুঘাটের ইউএনও সিরাজাম মুনিরাসহ উপজেলার পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। তাঁরা ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযোগের তদন্ত করেন এবং  চুনারুঘাট শিশু নিকেতন, হাজী আলিম উল্লাহ মাদ্রাসা, নুর মোহাম্মদ ফাজিল মাদ্রাসা ও দেওরগাছ মসজিদ কমিটির সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।

  প্রকল্পে অনিয়ম করার অভিযোগের বিষয়ে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, যে অভিযোগের বিষয় নিয়ে প্রশাসনিক তদন্ত চলছে তার সঙ্গে তিনি জড়িত নন। কারণ তিনি কোনো প্রকল্প বাস্তবায়ন করেন না। একটি চক্র তাঁর বিরুদ্ধে ইউএনওকে লাগিয়ে দিয়ে বদনাম ছড়াচ্ছে। ঘটনা যা ঘটেছে তা হচ্ছে আগের ইউএনও একটি মাদ্রাসার জন্য তিন লাখ টাকা বরাদ্দ দিয়ে গেলেও বর্তমান ইউএনও তা আটকে রেখেছেন। এ নিয়ে তিনি কথাবার্তা বলছেন ইউএনওকে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক মো. মতিউর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলে তিনিও ফোন ধরেননি। তবে চুনারুঘাটের ইউএনও সিরাজাম মুনিরা বলেন, সিলেট বিভাগীয় কমিশনার নাজমানারা খানুমের নেতৃত্বে একটি তদন্ত দল গত বৃহস্পতিবার চুনারুঘাটে এসে অভিযোগগুলো তদন্ত করে গেছেন।