চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান ভাঙা ও লুটের অভিযোগ
নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসকেন্দার মীর্জা তাঁর দলবল নিয়ে গিয়ে কোলা বাজারের ইউপির মার্কেটের সাতটি দোকানঘরের তালা ভেঙে ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি দোকানের মালামালও লুটপাট করা হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। গতকাল রোববার এ ঘটনায় ব্যবসায়ীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোলা বাজারের ব্যবসায়ীরা জানান, কোলা বাজারে ওই ইউনিয়ন পরিষদের মালিকানাধীন একটি মার্কেট নির্মাণ করা হয়। সেখানে মোট আটটি দোকানঘর রয়েছে। এর মধ্যে একটি ঘর ডাকঘর হিসেবে ব্যবহৃত হয়। তৎকালীন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী মার্কেটের বাকি সাতটি দোকানঘর সাত ব্যক্তিকে ৩০ বছর মেয়াদি শর্ত সাপেক্ষে ভাড়া দেন। ভাড়াটেরা প্রায় দুই বছর ধরে সেখানে ব্যবসা করছেন। ইউপি নির্বাচনের পর চেয়ারম্যান এসকেন্দার মীর্জা ওই ভাড়াটেদের দোকানঘর ছাড়ার নোটিশ দেন। কিন্তু ভাড়াটেরা তা ছাড়েননি। এ অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইউপি চেয়ারম্যান লোকজন নিয়ে মার্কেটটিতে আসেন। নিজে উপস্থিত থেকে সাতটি দোকানঘরের তালা ভেঙে ফেলেন। এরপর নতুন তালা লাগিয়ে দেন।
দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই দোকানগুলোর শাটারে নতুন তালা ঝুলছে। একটি দোকানের সামনে মালামাল ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। ইউপি মার্কেটের ভাড়াটে দোকানিরা অভিযোগ করেন, তৎকালীন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী তাঁদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের জামানত নিয়ে ৩০ বছর মেয়াদে এসব দোকানঘর ভাড়া দিয়েছেন। ইউপি চেয়ারম্যান তাঁদের ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা করে দিয়েছিলেন। গতকাল সকালে বর্তমান ইউপি চেয়ারম্যান এসকেন্দার মীর্জা তাঁর বাহিনী নিয়ে মার্কেটে আসেন। এ সময় মার্কেটের দুটি দোকানঘর খোলা ছিল। চেয়ারম্যান তাঁর বাহিনীকে বন্ধ দোকানঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগানোর নির্দেশ দেন।
দোকানি তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘ইউপি চেয়ারম্যান ও তাঁর সন্ত্রাসী বাহিনী মার্কেটে তাণ্ডব চালিয়েছে। আমার দোকানের ভেতর ধান ছিল। আমার প্রায় ৩০ হাজার টাকার ধান লুট হয়েছে।’
জুয়েল আরমান বলেন, ‘আমরা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বৈধভাবে দোকানঘরগুলো ভাড়া নিয়েছি। আমাদের ৩০ বছরের জন্য ভাড়া দেওয়া হয়। কিন্তু নতুন ইউপি চেয়ারম্যান লোকজন নিয়ে এসে তাণ্ডব চালিয়ে আমাদের দোকানঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছেন।’
চেয়ারম্যান এসকেন্দার মীর্জা বলেন, ‘কোনো ইউপি চেয়ারম্যান কাউকে ৩০ বছর মেয়াদি দোকানঘর ভাড়া দিতে পারেন না। কয়েকজন এই ইউপি মার্কেটের সাতটি দোকানঘর অবৈধভাবে দখল করে রেখেছিলেন। তাঁদের দোকানঘর ছাড়তে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ছাড়েননি। আমি ইউপির সচিব ও চৌকিদারদের নিয়ে গিয়ে দোকানঘরে তালা দিয়েছি। কোনো মালামাল লুট হয়নি।’
বদলগাছি থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘ইউপি চেয়ারম্যান কোলা বাজারের ইউপির মার্কেটের সাতটি দোকানঘরে লুটপাট চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন—এ রকম একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি দুঃখজনক।’