চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বিরুদ্ধে গত মঙ্গলবার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় রাতেই মামলা হয়েছে। গৃহবধূকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান গতকাল বুধবার বলেন, মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওই গৃহবধূর অভিযোগ, তাঁর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছে। তা নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দিয়ে ইউপি চেয়ারম্যানের সহযোগী এক ব্যক্তি তাঁকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে এলেঙ্গা রিসোর্টে নিয়ে যান। সেখানকার একটি কক্ষে আগে থেকেই চেয়ারম্যান অবস্থান করছিলেন। সেখানে যাওয়ার পর চেয়ারম্যান তাঁকে ধর্ষণ করেন। পরে ওই সহযোগী মোটরসাইকেলে করে তাঁকে চারান এলাকায় নামিয়ে দিয়ে যান। সেখান থেকে স্বজনেরা তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে তিনি ইউপি চেয়ারম্যান ও তাঁর সহযোগীকে আসামি করে কালিহাতী থানায় মামলা করেছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে মামলা হয়েছে। এর তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে।