ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গত বুধবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান তদন্তের কাজ শুরু করেন।
পরিষদে অনিয়মিত উপস্থিতি, ইউপি সদস্যদের মূল্যায়ন না করা এবং অনিয়ম-দুর্নীতির কারণে গত এপ্রিল মাসে পরিষদের ১১ জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অনাস্থা দেন। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার তদন্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে পরিষদের একাধিক ইউপি সদস্য জানান, গত বুধবার ছিল চরপাতা ইউপির বিশেষ সভা। ওই সভায় চেয়ারম্যান উপস্থিত না থাকায় প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। এ সময় ইউনিয়নের নানা সমস্যার কথা আলোচনা করা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা আসেন। তিনি জনগণ ও ইউপি সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন জানান, তাঁরা ১১ ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে অনাস্থা দেন। বাকি একজন সদস্য ফজলুল হক অনুপস্থিত ছিলেন।
মো. হেলাল উদ্দিন আরও বলেন, পরিষদে এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে ইউপি সদস্যদের অনাস্থার সত্যতা পান তদন্ত কর্মকর্তা। তিন ঘণ্টাব্যাপী তদন্ত শেষে চেয়ারম্যান মোশারফ হোসেন পরিষদে উপস্থিত হন।
চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগ নয়, অনিয়ম-দুর্নীতি করি না বলে অবৈধভাবে চেয়ারম্যান পদ থেকে বাদ দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তা তাঁকে কোনো নোটিশ না দিয়েই তদন্ত করে গেছেন।’
মোশারফ হোসেন আরও বলেন, ‘প্রথমে তদন্ত কর্মকর্তা হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন। তিনি ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন। উত্তর দেওয়ার আগেই ওই কর্মকর্তা বদলি হন। এখন নতুন করে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেছে। আমাকে বুধবার উপস্থিত থাকতেও বলা হয়নি।’
জানতে চাইলে তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, চেয়ারম্যানকে উপস্থিত থাকার জন্য নোটিশ প্রদান, মুঠোফোনে খুদেবার্তা এবং মৌখিকভাবে বলা হয়েছে, যার প্রমাণ সংরক্ষিত আছে।
প্রায় একই কথা বলেন দৌলতখানের ইউএনও মো. কামাল হোসেন। তিনি বলেন, চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বাসায় সরকারি লোক নোটিশ নিয়ে গেলে তিনি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তদন্ত শেষে গতকাল তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। গত এপ্রিল মাসে ১১ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয়বার অনাস্থা দেন।