চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের ((ইউপি) চেয়ারম্যান আলা উদ্দিন মোল্লার বিরুদ্ধে প্রকল্পের কাজ না করেই ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আটাবহ ইউনিয়নের গোসাত্রা গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে একটি লিখিত অভিযোগ করেন। মন্ত্রী বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সানোয়ার হোসেনকে নির্দেশ দেন।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আলা উদ্দিন ভূমি হস্তান্তর কর বাবদ আদায় হওয়া ১৮ লাখ ১৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন। চলতি অর্থবছরের ওই টাকা বিধিবহির্ভূতভাবে তিনি বিভিন্ন প্রকল্পের নামে সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে উত্তোলন করেন। আটাবহ যশোমাধব আশ্রমের বাউন্ডারি নির্মাণ, মাথালিয়া প্রধান সড়ক থেকে রাজ্জাকের বাড়ি পর্যন্ত রাস্তায় ইট বিছানো, শাহবাজপুর মহাদেবের বাড়ি থেকে মফিজুলের বাড়ি পর্যন্ত রাস্তায় ইট বিছানো, বলিয়াদী প্রধান সড়ক থেকে সুনীলের বাড়ি পর্যন্ত ইট বিছানোসহ বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া এলজিএসপির বরাদ্দ দেওয়া ১২ লাখ ৬৭ হাজার ৪৩ টাকা দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২২টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। প্রতিটি টিউবওয়েল স্থাপনের জন্য ৪১ হাজার টাকা করে ব্যয় ধরা হয়েছে। কিন্তু প্রতিটি টিউবওয়েল স্থাপনের জন্য খরচ হয়েছে ১৪ হাজার ৫০০ টাকা।
এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন মোল্লা বলেন, উত্তোলিত অর্থ ইতিমধ্যে ইউপি সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। মালামালের মূল্য বৃদ্ধির কারণে এত দিন তাঁরা কাজ করেননি। প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করা হবে।
ইউএনও মো. সানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পেলেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।