চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর লাইসেন্স নবায়ন না করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর আলাদাউদপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় রায় পোদ্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সঞ্জয় চান্দুরা বাজারে ‘রায় পোদ্দার বীজ ঘর’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে ওই প্রতিষ্ঠানের ২০১৫-১৬ অর্থবছরের লাইসেন্স নবায়ন করতে গেলে শামিউল হক বিভিন্ন অজুহাত দেখিয়ে তাঁকে পরে যোগাযোগ করতে বলেন। ১৫ সেপ্টেম্বর দ্বিতীয়বার যোগাযোগ করলে চেয়ারম্যান তাঁকে বিভিন্ন কাগজ নিয়ে আসতে বলেন। সঞ্জয় বিষয়টি ইউএনওকে জানালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ওঠেন। ১৭ সেপ্টেম্বর চেয়ারম্যানের কাছে যান সঞ্জয়। এ সময় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সঞ্জয়কে গালিগালাজ করেন।

এ এম শামিউল হক চৌধুরী বলেন, ‘সঞ্জয় আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াচ্ছেন। এসবের বিচার না হওয়া পর্যন্ত তাঁর লাইসেন্স নবায়ন করে দেওয়া হবে না।’