চেয়ারম্যানের বিরুদ্ধে মা, ভাই ও বোনকে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে জমিসংক্রান্ত বিরোধে চৈত্রকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান তাঁর বৃদ্ধা মা, বোন ও ভাইকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান জিয়াউর ওই ইউনিয়নের কলোনিবাজারে অবস্থিত পৈতৃক ১ একর ১৩ শতক জমি ভাগ-বাঁটোয়ারা ছাড়াই দখল করে সেখানে গরুর খামার গড়ে তোলেন। এ নিয়ে মা, ভাই ও বোনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

হাসপাতালে চিকিৎসাধীন চেয়ারম্যানের মা আনোয়ারা বেগম (৬০), বোন পারভীন বেগম (৩৫) ও ভাই পারভেজ হোসেন (৩২) গতকাল বুধবার সন্ধ্যায় অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে জিয়াউর ওই জমিতে খামারের পাকা সীমানাপ্রাচীর নির্মাণ করতে থাকলে অংশীদার সূত্রে তাঁরা প্রতিবাদ করেন। একে কেন্দ্র করে জিয়াউর ও তাঁর লেলিয়ে দেওয়া সাঙ্গপাঙ্গরা তাঁদের লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকেরা অবস্থার অবনতি হওয়ায় পারভেজকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আনেয়ারা বলেন, ‘আমার স্বামীও ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। কয়েক বছর আগে মারা গেছেন। আমি অসহায়ভাবে দিনযাপন করছি। কিন্তু ছেলে চেয়ারম্যান (জিয়াউর) হয়েও আমার খোঁজখবর নেয় না। জোরপূর্বক জমি, গাছপালা সব দখল করে খাচ্ছে। সে আমাকে যেভাবে মারপিট করেছে, এর প্রতিদান আল্লাহ ওকে দিবে।’

 পারভীন বলেন, ‘আমি ওর নির্বাচনের সময় তিন লাখ টাকা দিয়েছি। সেটা দিচ্ছে না। পাশাপাশি ক্ষমতা দেখিয়ে বাবার জমিজমা একাই দখল করে খাচ্ছে। বাধা দেওয়ায় চেয়ারম্যান ও তার গুন্ডাবাহিনী আমাদের লাঠি দিয়ে মারপিট করেছে। আমার বৃদ্ধা মাকেও তারা ছাড় দেয়নি।’

 এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জিয়াউর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই পারভেজ একজন ইয়াবাসেবী। মা-ভাইয়েরাই আমাকে অন্যায়ভাবে মারপিট করেছেন। আমি কাউকে মারিনি। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। চেয়ারম্যানের মা, বোন, ভাই চিকিৎসাধীন রয়েছে বলে জেনেছি। তাঁরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’