চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান হোসেন খান ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আহত স্কুলশিক্ষক লতিফ মিয়া বাদী হয়ে গতকাল রোববার এ মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন বাশার, বাবলু ও মিলন।
১ এপ্রিল শনিবার রাত আটটায় আহত অপর ব্যবসায়ী উত্তম দাস একই ঘটনায় লোক মারফত উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করতে যান।
ঝালকাঠি থানার ওসি মাহে আলম বলেন, ‘একই ঘটনায় দুজন বাদী হওয়ায় একজনের এজাহার গ্রহণ করেছি। মামলাটি তদন্ত করার জন্য উপপরিদর্শক মিলন কুমার ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
গত ২৭ মার্চ রাত আটটায় ঝালকাঠি সদরের রামনগর এলাকায় ও কীর্তিনাশা বাজারে উপজেলা চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে স্কুলশিক্ষক ও ব্যবসায়ীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। এ বিষয়ে গত ২৯ মার্চ প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।
থানা সূত্রে জানা যায়, আহত লতিফ মিয়া এজাহারে উল্লেখ করেন, গত ২৭ মার্চ ঝালকাঠির দায়রা জজ আদালতের পিপি আবদুল মান্নান রসুলের রোনাল্ডস্ রোডের ব্যক্তিগত দপ্তরে গেলে আসামি বাশারের মাধ্যমে সুলতান খান তাঁকে পৌর কবরস্থানের কাছে ডেকে নিয়ে যান। পরে আসামিরা তাঁকে উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িতে তুলে রামনগর পুলিশ বক্সের কাছে বালুর মাঠে নিয়ে যান। সেখানে তাঁকে পিটিয়ে হাত ভেঙে দেন। পরে সেখান থেকে তাঁকে কীর্তিনাশা বাজারে নিয়ে যান। সেখানে আসামিরা উত্তম দাসকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। বাদী এজাহারে উল্লেখ করেন, এরপর চেয়ারম্যান সুলতান খানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে তাঁদের সদর থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে সুলতান হোসেন খান বলেন, ‘আমাকে হত্যাচেষ্টার সব প্রমাণ আমার হাতে আছে। শিগগিরই আমি তাঁদের বিরুদ্ধে মামলা করব।’