চেয়ারম্যানের বিরুদ্ধে সচিবকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ছিদ্দিকুর রহমানকে চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি সচিব ছিদ্দিকুর রহমান গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান মেহরাজ উদ্দিনের দেওয়া তালিকা অনুযায়ী তিনি রোববার সকাল থেকে ৩৮৯ জন জেলের মাঝে চাল বিতরণ শুরু করেন। ২৬২ জন জেলেকে চাল বিতরণ করার পর বেলা আড়াইটার দিকে চেয়ারম্যান কার্যালয়ে এসে বাকিদের মাঝে চাল বিতরণ না করে তা তাঁর কাছে জমা দিতে বলেন।
ছিদ্দিকুর রহমান বলেন, ওই অনৈতিক কাজ করা সম্ভব নয় বলতেই তিনি (চেয়ারম্যান) তাঁকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে তাঁকে মোল্লা গ্রামের অস্থায়ী ইউপি কার্যালয়ে আটকে রাখেন। পরে বিকেল ছয়টার পর তিনি আশপাশের লোকজনের সহায়তায় পালিয়ে উপজেলা সদরে পৌঁছান। এ ঘটনায় তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে ইউপি চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সচিব তালিকার বাইরের লোকজনকে চাল দেওয়ায় কয়েকজন তাঁর কাছে গিয়ে অভিযোগ করেন। তিনি কার্যালয়ে এসে এ বিষয়ে জিজ্ঞেস করতেই সচিব তাঁর সামনে থাকা কাগজপত্র ছিঁড়ে ফেলে দেন এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
ইউপি সচিবকে মারধর করার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার বিভাগের নোয়াখালীর উপপরিচালক অনুপম বড়ুয়া প্রথম আলোকে জানান, বিষয়টি তদন্ত করা হবে।