চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম খানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ এনেছেন একই ইউনিয়নের ১১ ইউপি সদস্য।
গত সোমবার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা তাঁদের স্বাক্ষরিত অভিযোগপত্রটি জমা দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান বদরুল ইসলাম সিদ্ধান্ত ছাড়াই বিভিন্ন সময় কার্যবিবরণী খাতায় সদস্যদের স্বাক্ষর জাল করে গভীর নলকূপ ও ভিজিডি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলেছেন। বিভিন্ন প্রকল্পের টাকা ও হোল্ডিং কার্ড বিতরণ করে টাকা তুলে আত্মসাৎ করেছেন এবং জন্মনিবন্ধনের টাকা ব্যাংকে জমা দেওয়ার নিয়ম থাকলেও তা করেননি। ইউপি সদস্যদের সঙ্গে সর্বদা খারাপ আচরণ করেন। ভিজিডি বাছাইকাজে সদস্যদের উপস্থিত থাকতে না দেওয়াসহ চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে ইউপি সদস্যদের পক্ষে প্যানেল চেয়ারম্যান মো. আরাফাত হোসাইন বলেন, ‘আমরা চাই চেয়ারম্যানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছি, তা সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় আমরা ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনব।’
এদিকে ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম খান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেউ কেউ ইউপি সদস্যদের ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করিয়েছেন।’
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকি প্রথম আলোকে বলেন, ডাকুয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। সাত দিনের মধ্যে এসব অভিযোগের লিখিত জবাব দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।