চেয়ারে বসা নিয়ে বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের হেফাজতে সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছির এবং রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধার বাগ্বিণ্ডতা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম আদালতের মহানগর হাজতখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নাছিরকে গতকাল চট্টগ্রাম কারাগার থেকে আদালত ভবনের নিচতলায় মহানগর হাজতখানায় নেওয়া হয়। হাজতখানার পাশে একটি চেয়ারে তাঁকে বসতে দেওয়া হয়। কিছুক্ষণ পরে কারাগার থেকে হাজতখানায় নেওয়া হয় ইউসুফ আলী মৃধাকে। এ সময় পুলিশের একজন কর্মকর্তা নাছিরকে চেয়ার থেকে উঠে মৃধাকে বসতে দিতে বলেন। এতে রেগে যান নাছির। একপর্যায়ে তিনি বলেন, ‘মৃধা চোর। আমি চোর না। আমি কেন চেয়ার থেকে উঠব।’ এ কথা শুনে মৃধাও নাছিরের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুজনের মধ্যে বাগ্বিণ্ডতা শুরু হলে পুলিশের অন্য সদস্যরা এসে তাঁদের শান্ত করেন। পরে নাছিরকে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে ও মৃধাকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে নিয়ে যাওয়া হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মৃধা ও নাছিরের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হলে পুলিশ তাদের সরিয়ে নেয়।